অনশন ভাঙলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীরা তাদের অনশন ভঙ্গ করেছেন। 

বুধবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া দশটার দিকে ২৮ শিক্ষার্থী অনশন ভঙ্গ করেন। তবে অনশন ভাঙলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের দেয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনশন ভাঙতে রাজি হন শিক্ষার্থীরা।

বুধবার ভোর ৪টার দিকে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক অনশনরত শিক্ষার্থীদের দেখতে আসেন। সবার খোঁজ-খবর নিয়ে তাদের সঙ্গে কথা বলে অনশন ভাঙতে অনুরোধ করেন।

আরও পড়ুন: মহাবিশ্বের রহস্য উদঘাটনে আরও একধাপ এগিয়ে গেলো 'ওয়েব'

এসময় দাবি আদায়ে পাশে থাকার আশ্বাস দিলে অনশন ভাঙতে রাজি হন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি বেগম সিরাজুননেসা ছাত্রীহলের প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা হলে আন্দোলনের দাবি বদলে উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের একদফা দাবিতে পরিণত হয়।

তবে শিক্ষার্থীদের আল্টিমেটাম অগ্রাহ্য করে উপাচার্য পদত্যাগ না করায় ১৯ জানুয়ারি অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।  


একাত্তর/এসজে