শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্যের বাসভবন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমীন হকের অনুরোধে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন বলে জানা গেছে।
গতকাল বুধবার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে এক প্রেস ব্রিফিং শেষে তারা ক্যাম্পাসের সব অবরোধ তুলে নেন।
শিক্ষার্থীদের আন্দোলনের একজন মুখপাত্র জানিয়েছেন, উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
এর আগে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমীন হকের অনুরোধে বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে টানা ১৬৩ ঘণ্টা ১৭ মিনিটের অনশন ভাঙেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৩ শিক্ষার্থী। তাদের সঙ্গে অনশন ভাঙেন পরবর্তীতে যোগ দেওয়া বাকি পাঁচ শিক্ষার্থীও।
১৩ জানুয়ারি শুরু হওয়া প্রাধ্যক্ষবিরোধী আন্দোলনে পুলিশের হামলার পর ১৬ জানুয়ারি উপাচার্যের পদত্যাগের আন্দোলনে রূপ নেওয়ার পরদিন থেকেই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: একদিনে শনাক্ত আরও ৩৫ লাখ, মৃত্যু ছাড়ালো ১০ হাজার
১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে পুলিশের জলকামান ও আর্মড ভেহিকেল অবস্থান নিলে শিক্ষার্থীরা প্রধান ফটক অবরুদ্ধ করে ফেলেন।
পরে ২৩ জানুয়ারি উপাচার্যের বাসভবনের ভেতরে পুলিশ ও সাংবাদিক ছাড়া বাইরে থেকে কারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে অবরোধ সৃষ্টি করে শিক্ষার্থীরা।
একাত্তর/এসি