করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের ক্লাসে আনা না গেলে, জুলাই মাস থেকে অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেসঙ্গে পরীক্ষা নেয়ার পদ্ধতি ঠিক করতে সব অনুষদকে নির্দেশনা দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল একাত্তরকে জানান, যদি করোনা পরিস্থিতির উন্নতি না হয় এবং শিক্ষার্থীদের ক্যাম্পাসে না আনা যায়, তাহলে অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, 'সভায় পরীক্ষার প্রস্তুতি শুরুতে সবাই একমত হয়েছে। সে লক্ষ্যে সব অনুষদকে কীভাবে অনলাইন পরীক্ষা গ্রহণযোগ্য ও নিরাপদ করা যায় এবং পরীক্ষার প্রক্টোরিয়াল বিধি কি হবে, এসব বিষয়ে একটি নীতিমালা তৈরি করে জমা দিতে বলা হয়েছে'।
উপ-উপাচার্য আরও জানান, শিক্ষকদের অনলাইনে ক্লাস নেয়ার অভিজ্ঞতা হয়েছে। এখন পরীক্ষা কীভাবে নেবেন, সে বিষয়েও তাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে। আর শিক্ষার্থীরাও কিভাবে পরীক্ষা দেবে, সেই বিষয়েও পরিকল্পনা নেবে অনুষদগুলো।
এদিকে, মহসীন হলে হাজী মুহম্মদ মহসীনের ম্যুরাল উদ্বোধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান জানান, প্রতিষ্ঠানের ৩০ হাজার শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসতে না পারায়, এখনই হল খুলে দেয়ার কোন চিন্তা-ভাবনা নেই।