রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পিতৃকালীন ছুটির বিধান চালু

মাতৃকালীন ছুটির পাশাপাশি এখন থেকে পিতৃকালীন ছুটিও দেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪তম সিন্ডিকেট সভায় এই বিধান অনুমোদন হয়েছে। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয়ে অনুমোদন হলো পিতৃকালীন ছুটি। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহ আলী জানান, এই বিধান অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তি প্রচলিত সব ছুটির সঙ্গে ১৫ দিনের পিতৃকালীন ছুটি পাবেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনেক তরুণ ও মেধাবী শিক্ষকদের পাশাপাশি তরুণ কর্মকর্তা ও কর্মচারীও রয়েছেন। তাদের সন্তানদের দেখাশোনার জন্য আমরা পিতৃকালীন ছুটির বিধানটি আমলে নিয়েছি। একজন সন্তানের কাছে মা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক বাবার ভূমিকাও তেমনি। এই দিক বিবেচনা করে আমাদের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সর্বোচ্চ দুই বার পিতৃকালীন ছুটি নেওয়ার সুযোগ পাবেন। এই সুযোগটি তাদের উদ্বেগজনক অবস্থা মোকাবিলায় সহায়ক হবে এবং মনস্তাত্ত্বিক প্রেষণা হিসাবে কাজ করবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ আজমের সভাপতিত্বে ওই সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. ফিরোজ আহমদ, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জহুরুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক, লেজিসলেটিভ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ আসাদুজ্জামান নূর ও রেজিস্টার মো. সোহরাব আলী।