না ফেরার দেশে শিক্ষাবিদ ডালেম চন্দ্র বর্মন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আশা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কাপেং ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন আর নেই।

বুধবার সকাল ১১ টা ১০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

তিনি আদিবাসীদের অধিকার আন্দোলনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং কাপেং ফাউন্ডেশনের আদিবাসীদের মানবাধিকার রিপোর্টসহ বিভিন্ন প্রকাশনার সম্পাদনা ও গবেষণার সাথে একনিষ্ঠভাবে জড়িত ছিলেন।

ডালেম চন্দ্র বর্মণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৮ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৬৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ভারতের রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ডালেম চন্দ্র বর্মণ ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ডালেম চন্দ্র বর্মণ আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এএসএইউবি) উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।