ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচটি জায়ান্ট স্ক্রিনে ম্যাচ প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শহীদ মুহসিন হল, জসীমউদ্দীন হল ও শহীদুল্লাহ হল মাঠের পাশাপাশি জগন্নাথ হলের উপাসনালয় প্রাঙ্গণে বড় পর্দায় খেলা দেখানো হবে।
তাদের ভাষ্য, ফুটবলকে ঘিরে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে এবং উৎসবমুখর পরিবেশে দর্শকদের একত্রিত করতেই এই আয়োজন। ক্যাম্পাসের শিক্ষার্থী ছাড়াও সাধারণ ফুটবলপ্রেমীরাও এসব ভেন্যুতে খেলা উপভোগ করতে পারবেন।
আয়োজকরা জানান, প্রাথমিকভাবে টিএসসি ও জগন্নাথ হলের ভেন্যুতে ম্যাচ প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শকদের চাহিদা ও সুবিধা বিবেচনায় আগামী ১৩ তারিখের মধ্যে বাকি ভেন্যুগুলোও প্রস্তুত করা হবে।
তারা আশা করছেন, এই আয়োজনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফুটবল উন্মাদনায় মুখর হয়ে উঠবে এবং সমর্থকদের জন্য তৈরি হবে এক মিলনমেলা।