২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অভূতপূর্ব ও অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। প্রতিবারের মতো এবারও মানসম্মত শিক্ষা ও কঠোর শৃঙ্খলার স্বাক্ষর রেখে তারা জাতীয় পর্যায়ে এক অনন্য উচ্চতা স্পর্শ করেছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ক্যাডেট কলেজসমূহ ব্যতীত এ বছর সেনাবাহিনী পরিচালিত ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ১২টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
সব মিলিয়ে মোট ৫১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হন। এর মধ্যে ১৭ হাজার ৪১০ জন শিক্ষার্থী সফলভাবে কৃতকার্য হয়েছেন। এ বছর মোট ৩ হাজার ৬১৯ জন শিক্ষার্থী সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫ অর্জন করার গৌরব লাভ করেছেন।
সামগ্রিকভাবে সেনাবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে ৯৬.৫১ শতাংশ। এছাড়া মোট কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার ২০.৭৯ শতাংশ, যা সার্বিক জাতীয় ফলাফলের তুলনায় এক দৃষ্টান্তমূলক ও গৌরবোজ্জ্বল অর্জন।
সাফল্যের পেছনের চালিকাশক্তি: প্রতিষ্ঠানগুলোর এই ধারাবাহিক ও গৌরবময় কৃতিত্বের মূল চালিকাশক্তি হিসেবে ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহে বিদ্যমান সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় তদারকি, মানসম্মত পাঠদান, এবং শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন অধ্যবসায় ও কঠোর প্রচেষ্টাই এ সাফল্যের নেপথ্যে মূল ভূমিকা পালন করেছে।
পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের দক্ষ নেতৃত্ব, নিবেদিতপ্রাণ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক সহযোগিতাও এই অভাবনীয় অর্জনে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করেছে।