চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে আসছে চারটি নতুন বই

আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনায় আসছে নতুন মাত্রা। চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য দুটি করে মোট চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন ও সংশোধনের সাপেক্ষে এই নতুন বইগুলো শিক্ষার্থীদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিসিসির পৃথক সভায় এই চারটি নতুন পাঠ্যবইয়ের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত নতুন বইগুলোর মধ্যে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হয়েছে ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ‘খেলাধুলা’ নামের দুটি বই। অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষ থেকে পড়তে পারবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ (আনন্দময় শিক্ষণ) এবং ‘আমার কারিগরি শিক্ষা’ নামের আরও দুটি নতুন বই। এই বইগুলো চালুর ফলে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলা, আনন্দময় শিক্ষণ এবং কারিগরি জ্ঞান অর্জনের নতুন সুযোগ পাবে।

চতুর্থ শ্রেণির নতুন বই দুটির অনুমোদনসংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য বিশিষ্ট সদস্যবৃন্দ।

অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির নতুন বই দুটির অনুমোদন দিতে আয়োজিত পৃথক সভাতেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এই সভায় সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন এবং প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সংশ্লিষ্টদের আশা, নতুন এই পাঠ্যবইগুলো শিক্ষার্থীদের বহুমুখী মেধা বিকাশ, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন এবং বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষায় পারদর্শী করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।