আট অভিযোগে পবিপ্রবির উপ-রেজিস্টার সাময়িক বরখাস্ত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-রেজিস্টার মুহাম্মদ ইমাদুল হককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে মোট আটটি গুরুতর অভিযোগে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্তের পর তদন্তের স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, মুহাম্মদ ইমাদুল হকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অমান্য ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচারের অভিযোগ রয়েছে।

এছাড়া গণমাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, চাকরির প্রলোভন দেখিয়ে ঘুষ গ্রহণ, হোয়াটসঅ্যাপ ও মুঠোফোনে কুরুচিপূর্ণ বার্তা আদান-প্রদান এবং নারী শিক্ষার্থী ও নারী কর্মচারীদের উত্ত্যক্ত করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের বিষয়টি আদেশে তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এসব অভিযোগ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আচরণ ও শৃঙ্খলা বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। তাই তদন্তের স্বার্থে রিজেন্ট বোর্ডকে অবহিত করে অবিলম্বে এ আদেশ কার্যকর করা হয়েছে।

সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে উপ-রেজিস্টার মুহাম্মদ ইমাদুল হক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাদের সাময়িক বরখাস্ত করেছে, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিলো। কিন্তু আমাকে কোনো কারণ দর্শানোর নোটিশ না দিয়েই সরাসরি সাময়িক বরখাস্ত করা হয়েছে।