ঢাবি ইইই বিভাগের গবেষণায় গ্রামীণফোনের সার্ভার প্রদান

শিক্ষার্থীদের পাঠদান, উন্নত ল্যাবরেটরি কার্যক্রম এবং আধুনিক একাডেমিক গবেষণার সক্ষমতা আরও সুদৃঢ় করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগকে সার্ভার প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।

গ্রামীণফোনের নেটওয়ার্ক আধুনিকায়নের সময় অব্যবহৃত হওয়া বিভিন্ন সরঞ্জাম পুনর্ব্যবহারের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা একই সাথে পরিবেশবান্ধব সম্পদ ব্যবস্থাপনারও এক অনন্য দৃষ্টান্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের পাঠদান এবং গবেষণার পরিধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, টেলিযোগাযোগ, সেমিকন্ডাক্টর ডিভাইস, নবায়নযোগ্য শক্তি ও রোবোটিক্সের মতো অত্যাধুনিক বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এই সার্ভারগুলো সংযুক্ত হওয়ার ফলে জটিল সিমুলেশন পরিচালনা, বিশাল আকারের ডেটাসেট বিশ্লেষণ এবং বিভিন্ন নতুন মডেল তৈরি ও পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের পথ আরও সুগম হবে। শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে হাতে-কলমে দক্ষতায় রূপান্তর করতে এই রিসোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্প্রতি রাজধানীর জিপি হাউসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিউল আলম এবং গ্রামীণফোনের পক্ষে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।

অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুনায়েবুর রশিদ, সহযোগী অধ্যাপক আনিকা আজিজ, সহযোগী অধ্যাপক ড. মো. মিনারুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. খালেদা আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন বলেন, তরুণদের ডিজিটাল এবং এআই দক্ষতায় বলীয়ান করা আমাদের ডিজিটাল অন্তর্ভুক্তি কার্যক্রমের মূল লক্ষ্য। এই পার্টনারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা উদীয়মান প্রযুক্তি অন্বেষণ করতে এবং দেশের ডিজিটাল চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ সমাধান তৈরি করতে সক্ষম হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিউল আলম বলেন, প্রকৌশল শিক্ষা ও গবেষণার জন্য কম্পিউটিং রিসোর্সের সহজলভ্যতা দিন দিন অপরিহার্য হয়ে উঠেছে। গ্রামীণফোনের এই সহযোগিতা আমাদের ল্যাবরেটরির সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগ দেশের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের এক ধাপ এগিয়ে রাখবে।