বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের দূরত্ব কমাতে আসছে জাতীয় কাঠামো: ড. আল-মামুন

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যকার বিদ্যমান দূরত্ব ও দক্ষতার ব্যবধান দূর করতে ‘ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক’ চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

রোববার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক ড. মামুন বলেন, বর্তমানে দেশের উচ্চশিক্ষিত (টারশিয়ারি এডুকেটেড) তরুণ জনশক্তির প্রায় ১৩.৫ শতাংশ বেকারত্বের শিকার, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের কারণে ভবিষ্যতে আরও প্রকট হতে পারে। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও গবেষণাকে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করতে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সফল মডেলগুলো পর্যালোচনা করে এই জাতীয় কাঠামোর প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত কাঠামোটি চারটি মূল স্তম্ভের ওপর সাজানো হয়েছে শিক্ষা ও কর্মসংস্থান উপযোগিতা, গবেষণা ও উন্নয়ন, বাণিজ্যিকীকরণ ও উদ্ভাবন এবং সুশাসন ও অংশীদারত্ব। এর আওতায় শিল্পখাতের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম আধুনিকায়ন, শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ পেশাজীবীদের বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার সুযোগ, বাধ্যতামূলক ও কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ এবং যৌথ গবেষণাগার স্থাপনের মাধ্যমে গবেষণালব্ধ উদ্ভাবনকে বাণিজ্যিক পণ্যে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স-এর সভাপতি অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও আইকিউএসির পরিচালক অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।