ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলো, তা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের এই আদেশের ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা রইলো না।
এর আগে গত ১৮ নভেম্বর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এইচএসসির সাপ্লিমেন্টারি (পুনঃপরীক্ষা) ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত চেয়ে ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। সোমবার শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগ।
ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার তারিখগুলো হলো:
আইবিএ ইউনিট: পাঁচ ডিসেম্বর ২০২৬ (শনিবার)
বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর ২০২৬ (শনিবার)
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর ২০২৬ (শনিবার)
চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ২২ ডিসেম্বর ২০২৬ (মঙ্গলবার)
ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর ২০২৬ (শনিবার)
আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।