৭৭ এ পা রাখলেন ভারতের গুনী চলচ্চিত্র ব্যক্তিত্ব অপর্ণা সেন। ১৯৪৫ সালের ২৫ অক্টোবর কলকাতায় জন্ম খ্যাতনামা এই বাঙালি অভিনেত্রী, পরিচালকের।
বাবা চলচ্চিত্র সমালোচক এবং চলচ্চিত্র নির্মাতা চিদানন্দ দাশগুপ্ত। তার মা সুপ্রিয়া দাশগুপ্ত সম্পর্কে খ্যাতনামা বাংলা কবি জীবনানন্দ দাশের খুড়তুতো বোন।
১৯৬১ সালে মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় চলচ্চিত্রের পুরোধা সত্যজিৎ রায়ের 'তিন কন্যা' দিয়ে অপর্ণা সেনের অভিষেক। একে একে উপহার দিয়েছেন অরণ্যের দিনরাত্রি, মেমসাহেব,রাতের রজনীগন্ধা, বসন্ত বিলাপ, ছুটির ফাঁদে,কড়ি দিয়ে কিনলাম, শ্বেত পাথরের থালা, উনিশে এপ্রিল, পারমিতার একদিনের মতো দর্শকনন্দিত সব চলচ্চিত্র।
পরিচালক অপর্ণা সেন প্রথম সিনেমা থার্টি সিক্স চৌরঙ্গী লেন দিয়েই পেয়ে যান ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ভারতের নারী চলচ্চিত্র পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন জাতীয় পুরস্কার জয়ী সিনেমা পরমা, যুগান্ত, মিস্টার অ্যান্ড মিসেস আয়ার, ফিফটিন পার্ক অ্যাভেনিউ দিয়ে।
অপর্ণা সেনের সবশেষ চলচ্চিত্র দ্য রেপিস্ট সম্প্রতি বুসান উৎসবে জিতেছে কিম জিসুক পুরস্কার।
অপর্ণা সেন সংসার জীবনে খুব একটা সফলতা আনতে পারেননি। প্রথমে স্বামী সঞ্জয় সেনের সঙ্গে সংসার করলেও তা ভেঙে যায়। এরপর মুকুল শর্মাকে বিয়ে করেন অপর্ণা সেন। পরে এই সম্পর্কও ভেঙে যায়। এরপর বিয়ে করেন কল্যাণ রায়কে।
বাংলা এবং ভারতের সীমানা পেরিয়ে বাংলা ভাষার ছবি হয়ে উঠেছিল আন্তর্জাতিক। ভারতীয় চলচ্চিত্রকে যে অসামান্য প্রতিভারা উজ্জ্বল করে রেখেছেন, তাদের মধ্যে অন্যতম এবং অবিস্মরণীয় একটি নাম হল অপর্ণা সেন। গুণী এই চলচ্চিত্র ব্যক্তিত্বকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
একাত্তর/ এনএ