পেশাদার ক্যারিয়ার থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। ফেব্রুয়ারিতে দুবাইয়ে ডিটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপে শেষবারের মতো মাঠে নামবেন তিনি। এমন খবরে যখন সানিয়া ভক্তরা হতাশ। ঠিক সে মুহূর্তে আরেকটি দুঃসংবাদের ইঙ্গিত দিলেন এ ভারতীয় টেনিস কুইন।
পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গেও তার দূরত্ব তৈরি হয়েছে, তা স্পষ্ট জানিয়ে দিলেন সানিয়া। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে সরগরম ছিল মিডিয়া।
শুক্রবার (৬ ডিসেম্বর) সানিয়া তার ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। তাতে লেখা ছিল, "আমাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা অন্যদের আলোচনার বিষয় নয়। নিজেদের প্রয়োজনেই এই দূরত্ব। এক জনের সঙ্গে শুধু মাত্র দূরত্ব তৈরি হয়েছে মানেই তার ব্যবহার খারাপ এমন নয়। এটাও হতে পারে যে তার ব্যবহার আমার জন্য সঠিক নয়।"
সানিরার এমন মন্তব্যের পরপরই সানিয়া-শোয়েব বিচ্ছেদের গুঞ্জনে নতুন হাওয়া লেগেছে। তাদের বিচ্ছেদ অনেকটাই নিশ্চিত, এমনটাই মনে করছেন নেট-নাগরিকরা। সানিয়ার একাধিক ইন্সটাগ্রাম পোস্টে নিজেদের আশঙ্কার কথা জানিয়েছেন অনেকে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, সানিয়া এবং শোয়েব একসঙ্গে থাকছেন না। শোয়েবের অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শোনা যাচ্ছে। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
অন্যদিকে ফেসবুকেও একই ইঙ্গিত দিয়েছেন সানিয়া। শেষ কয়েক মাসে শোয়েব মালিকের সঙ্গে কোনো ছবিতেও দেখা যায়নি তাকে। বছর শেষে নিজের সন্তানের সাথে তোলা ছবি পোস্ট করে সানিয়া লিখেছেন, " ২০২২ সালের জন্য আমার কাছে দীর্ঘ এবং গভীর কোনো ক্যাপশন নেই। তবে আমার কাছে কয়েকটি সুন্দর সেলফি আছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা .."
তবে সানিয়া কিছুটা সরব হলেও এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি শোয়েব।
একাত্তর/আরবিএস