মৃত্যুর ২৭ বছরেও জনপ্রিয়তা কমেনি সালমান শাহের

বাংলাদেশে সিনেমা জগতে বিপুল জনপ্রিয় নায়কের নাম সালমান শাহ। মাত্র ২৫ বছর বয়সে, ১৯৯৬ সালের আজকের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুর পরও দীর্ঘ সময় দর্শকের আগ্রহ-আলোচনা জুড়ে থাকা যায়, সেটার অনন্য উদাহরণ তিনি।

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন সালমান শাহ। প্রথম সিনেমায়ই বাজিমাত। এই সিনেমায় মৌসুমীর বিপরীতে জুটিবদ্ধ হন। এরপর এই জুটি ‘দেনমোহর’, ‘অন্তরে অন্তরে’র মতো ব্যবসাসফল সিনেমা উপহার দেন।

শাবনার সাথে জুটি বেঁধে অভিনয় করেন ‘আঞ্জুমান’, ‘আশা ভালোবাসা’ এবং ‘মায়ের অধিকার’ নামে ৩টি সিনেমায়। এর মধ্যে ‘মায়ের অধিকার’ সিনেমাটি হয় সুপারহিট।

তিন বছরে চলচ্চিত্র ক্যারিয়ারে মোট ২৭টি ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন সালমান। এরমধ্যে শাবনূরের সঙ্গে জুটি বেঁধে সর্বাধিক সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ। এই জুটির ১৪টি সিনেমার মধ্যে প্রায় সবগুলো সিনেমাই ছিলো হিট। অনেকের মতে ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি বলা হয় সালমান শাহ-শাবনূরকে।

মৃত্যুর ২৭ বছর পেরিয়ে গেলেও দর্শকের মাঝে তার জনপ্রিয়তা যে এতটুকু কমেনি তারই প্রমাণ মিললো আবার। ভক্তদের ঘুম কেড়েছে এআই প্রযুক্তিতে তৈরি ভাইরাল সালমান শাহ’র নতুন রূপের ছবিগুলো।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ পাওয়া যায় সালমান শাহের। মৃত্যুর পর বিভিন্ন তদন্তে এই নায়কের আত্মহত্যার বিষয়টি উঠে এলেও তার মায়ের ভাষ্য, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এতো বছরেও সেই মৃত্যুরহস্যের কূলকিনারা হয়নি।

মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে সালমান শাহ’র অভিনয়ে অভিষেক হয়েছিল। পরবর্তীতে আরও বেশকিছু নাটকে অভিনয় করেন।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। প্রথম সিনেমাই সালমান শাহ দর্শকের মাঝে ঝড় তোলেন। এ সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা মৌসুমীও চলচ্চিত্রে আসেন। সালমান-মৌসুমী জুটি অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পান।