প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে চলা ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিবাদের আঁচ এবার গিয়ে পড়ল বলিউডের আঙিনাতেও। শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক অগুস্ত ক্রান্তি ময়দানে সিজিপির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশি আটকের মুখে পড়লেন জনপ্রিয় বলিউড অভিনেতা ইমরান খান, তাঁর বান্ধবী লেখা ওয়াশিংটন এবং তুতো বোন জেইন মারি। তবে কয়েক ঘণ্টার বন্দিদশা শেষে ছাড়া পেয়েই সামাজিক মাধ্যমে পুরো অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই তারকারা।

শনিবার বিকেল চারটে নাগাদ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশ ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ইমরান, লেখা ও জেইনকে। মুম্বাইয়ের ইয়েলো গেট থানায় নিয়ে যাওয়ার আগে বেশ কিছুক্ষণ ধরে ভ্যানে করে শহরের বিভিন্ন রাস্তায় তাঁদের ঘুরানো হয় বলে অভিযোগ তোলেন তাঁরা। পরবর্তীতে মুক্তির পর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে লেখা ওয়াশিংটন জানান, তাঁরা সবাই নিরাপদে বাড়ি পৌঁছেছেন। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, থানা থেকে বেরোনোর পর পুলিশ ট্যাক্সি ও ক্যাব চালকদের ভয় দেখানোর ফলে তাদের বাড়ি ফিরতে বেশ ভোগান্তি পোহাতে হয়।

পুরো ঘটনাকে ঘিরে তৈরি হওয়া থমথমে পরিস্থিতির মাঝেই দারুণ এক হালকা মুহূর্ত উপহার দেন ইমরান খান। ভ্যানের ভেতরে জেইন মারি একটি ভিডিও রেকর্ড করার সময় ইমরানের ২০০৮ সালের সুপারহিট ডেবিউ সিনেমা 'জানে তু... ইয়া জানে না'-র কথা মনে করিয়ে দেন। সিনেমায় ইমরানের চরিত্রটি রাজস্থানের এক যোদ্ধা পরিবারের ছেলে ছিল, যাকে সত্যিকারের বীর হতে গেলে ঘোড়ায় চড়া, মারপিট করা এবং জেলে যাওয়ার শর্ত পূরণ করতে হতো! জেইন হাসতে হাসতে ইমরানকে জিজ্ঞেস করেন যে তিনি কোনোদিন জেলে গেছেন কি না। জবাবে ইমরানও হেসে বলেন, হতেও পারে, হয়তো জেলেই যাচ্ছি! এমনকি ভ্যানের ভেতর থেকে নিজের এক ছবি পোস্ট করে ইমরান ক্যাপশনে লেখেন, মনে হচ্ছে আমি বুঝি লং ড্রাইভে বের হয়েছি!

তবে পুলিশের এই গণ-আটকের উপযুক্ত কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। জেইন মারি জানান, থানায় নিয়ে যাওয়ার পর কেন তাঁদের আটক করা হয়েছে জিজ্ঞেস করলেও কোনো স্পষ্ট উত্তর দেননি পুলিশ কর্মকর্তারা। ভিডিওতে জেইন ও ইমরানকে পুলিশ সদস্যদের 'জয় হিন্দ' জানিয়ে থানা ত্যাগ করতেও দেখা যায়।
উল্লেখ্য, ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সিজিপির আহ্বানে মুম্বাই ও দিল্লিতে এই বিশাল প্রতিবাদ গড়ে ওঠে। মুম্বাই পুলিশ দাবি করে যে, অগুস্ত ক্রান্তি ময়দানে সমাবেশের জন্য আগে থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। অন্যদিকে সিজিপি নেতৃত্বের দাবি, অনুমতির জন্য ইমেইল পাঠানো হলেও কর্তৃপক্ষের তরফ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। দিল্লির মতো মুম্বাইতেও পুলিশি কড়াকড়ি থাকলেও, বলিউডের এই তরুণ তুর্কিদের অংশগ্রহণ আন্দোলনকে এক নতুন মাত্রা দিয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি
