অনেকটা সিনেমার চিত্রনাট্যের মতোই, স্ত্রীর মৃত্যুর পরদিনই চলে গেলেন নির্মাতা সোহানুর রহমান সোহান। বুধবার সন্ধ্যায় ক্রিসেন্ট হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। রাতেই উত্তরার বাসায় জানাজা নামাজ শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় টাঙ্গাইলে। সেখানে স্ত্রী প্রিয়া রহমানের পাশে চির নিদ্রায় শায়িত হন রোমান্টিক সিনেমার জাদুকরী এই নির্মাতা।
তাকে বলা হতো তারকা তৈরির কারিগর। সালমান শাহ্ থেকে বর্তমানের সুপারস্টার শাকিব খান তার হাত ধরে পা দিয়েছিলেন সিনেমায়। চিত্রনায়িকা মৌসুমিও রয়েছেন সেই তালিকায়।
নির্মাতা জীবনের অধিকাংশই ছিল রোমান্টিক সিনেমা। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অনন্ত ভালবাসা’, ‘সে আমার মন কেড়েছে’, ‘কোটি টাকার প্রেম’ -এর মতো ২৫টির মত চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।
তবে সেলুলয়েডের চিত্রনাট্যের মতই কি ছিলো তার জীবন? অন্তর্জালে ভক্তরা বারবার তুলে ধরছেন সেই কথাই। স্ত্রী প্রিয়া রহমানকে টাঙ্গাইলে দাফন করে উত্তরার বাসায় এসে ঘুমিয়ে ছিলেন নিরালায়; কিন্তু ঘুম থেকে আর জাগেননি। সন্ধ্যায় হাসপাতালে নেয়া হলেও ডাক্তার জানালেন ঘুমের মধ্যেই মারা গেছেন তিনি। তার এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্বজন প্রিয়জন থেকে শুরু করে চলচ্চিত্রের মানুষেরা।
প্রিয় পরিচালককে বিদায় জানাতে তার হাত ধরে চলচ্চিত্রে আসা সুপারস্টার শাকিব খান রাতেই ছুটে গিয়েছিলেন উত্তরার বাসায়। নিথর দেহের পাশে নীরব অশ্রুপাতে চির বিদায় জানান প্রিয় স্বজনকে।
সোহানুর রহমান সোহানের জীবনের প্রিয় আঙ্গিনাটাই হয়তো ছিলো এফডিসি। কিন্তু স্ত্রীর নিদের্শনা থাকায় তার মরদেহ নেয়া হয়নি সেখানে।