নতুন ওয়েব সিরিজে সাহসী পাওলি

টালিউডের অসংখ্য সফল চলচ্চিত্রের গুণী অভিনেত্রী পাওলি দাম। সম্প্রতি যুক্ত হয়েছেন একটি ওয়েব সিরিজে। ওয়েব সিরিজটির নাম ‘গুটিপোকা’। এই ওয়েব সিরিজে মূল চরিত্রে দেখা যাবে পাওলিকে। এটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নারীকেন্দ্রিক এই ওয়েব সিরিজে পারিবারিক সহিংসতার শিকার এক শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন পাওলি। শিক্ষিকা এবং ছাত্রীর সম্পর্কের গল্পই মূখ্য। একজন নারীর গুটিপোকা থেকে প্রজাপতি হয়ে উড়ানের আখ্যান হতে যাচ্ছে এই ওয়েব সিরিজ।

পাওলি ছাড়াও এই ওয়েব সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সৌরভ চক্রবর্তী, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, ফাল্গুনী চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, শিঞ্জীনি চক্রবর্তী প্রমুখ। পাওলির স্বামীর চরিত্রে দেখা যাবে সৌরভকে। 

সম্প্রতি ‘জুলি’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন পাওলি। ওই সিরিজে তিনি এক রাজনীতিকের চরিত্রে অভিনয় করেছেন।