নৃত্যশিল্পী শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা এ দেশের নাচের জগতের অতি জনপ্রিয় জুটি। জীবনভর তারা নাচ নিয়েই সাধনা করে যাচ্ছেন। তবে এবার ঈদে নৃত্যের পুরোধা এই জুটি দেখিয়েছেন দারুণ এক চমক। তাদের ঘারাণার বাইরে কিন্তু বিষয়টা পছন্দের আর তা হচ্ছে গান। এই গান কণ্ঠে তুলে নিয়ে এসেছেন ঈদের বিশেষ অনুষ্ঠানে তারকা জুটি শিবলী-নিপা।
বহু বছর ধরে ঈদ অনুষ্ঠান মানেই শিবলী-নিপার চমৎকার পরিবেশনা। তবে এবার ঈদে গান নিয়ে দর্শকের সামনে আসার কারণ জানতে চাইলে একাত্তরকে শিবলী মহম্মদ বলেন, ‘নাচের মতো গানও আমাদের প্রাণের জায়গা। নিপা আর আমাকে ধরে ধরে সাদি’দা গান শেখাতেন। অনুষ্ঠানের জন্য এই গানটা যখন কণ্ঠে তুলি, আমি আর নিপা শুধু ভাবছিলাম, আহারে সাদি’দা যদি থাকতেন আমাদের আরো ভালোভাবে শিখিয়ে দিতেন, গানটা দর্শকের হয়তো আরো ভালো লাগতো। সদ্য প্রয়াত সংগীতশিল্পী সাদি মহম্মদ আমার বড় ভাই। আমাদের বাড়িটাতে সুরের স্নিগ্ধ হাওয়া বইতো সারাক্ষণ! ভীষণ কষ্ট হয় এখন! অনুষ্ঠানটা সাদি’দা দেখলে ভীষণ খুশি হতেন! আশা করি দর্শকদের ভালো লেগেছে।’
ঈদের তৃতীয়দিন সকাল ১১টায় বাংলাদেশ টেলিভিশনে নৃত্যশিল্পী শিবলী-নিপার উপস্থিতি সংগীতশিল্পী হিসেবে ‘বৃত্তের বাইরে’ এক ভিন্নধর্মী অনুষ্ঠানে।
শিল্পী মাহমুদুন্নবী ও সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিণী’ গানটি নতুন করে ওঠে এসেছে নৃত্যশিল্পী শিবলী মহম্মদ ও শামীম আরা নিপার কণ্ঠে। আবু হেনা মোস্তফা কামালের লেখা এই গানটি সুর করেছেন সুবল দাস। গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু।