তেলুগু অভিনেতা অল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে তার নতুন ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে ভিড়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনায় অল্লুকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) অর্জুনকে চিক্কাদপল্লী থানায় নিয়ে যায় পুলিশ।
গত ৫ ডিসেম্বর ‘পুষ্পা ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তারপর থেকে কয়েকশ’ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, পদপিষ্ট হয়ে মারা যাওয়া রেবতীর (৩৯) স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অর্জুনকে গ্রেপ্তার করেছে।
মামলায় ওই নারীর স্বামী ভাস্কর জানিয়েছেন, স্ত্রী, ৯ বছরের ছেলে ও আট বছরের মেয়েকে নিয়ে ‘পুষ্পা ২’ -এর প্রিমিয়ার উপলক্ষ্যে ঘটনার দিন সন্ধ্যায় থিয়েটারে গিয়েছিলেন তিনি।
অভিযোগে ভাস্কর জানান, রাত ৯টা ১০ মিনিটে তারা টিকিট কেটে ছবি দেখতে হলে ঢুকেছিলেন। প্রেক্ষাগৃহে প্রচুর ভিড় ছিলো। রাত ৯টা ৪০ মিনিটে অল্লু সেখানে আসেন। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলো কর্তৃপক্ষ। অভিনেতার নিরাপত্তারক্ষীরা ভিড় সরানোর চেষ্টা করেন। এই সময় ধাক্কাধাক্কি হয়। রেবতী এবং তার পুত্র সাই তেজ প্রেক্ষাগৃহের নিচের ব্যালকনিতে ছিলেন। তারা শ্বাস নিতে পারছিলেন না। পরে দু’জনেই ভিড়ের মধ্যে পড়ে যান। ঘটনাস্থলে থাকা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রেবতীর মৃত্যু হয়।
শিশুটিকে দুর্গাবাই দেশমুখ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে যাওয়া হয় কেআইএমএস হাসপাতালে।
ভাস্করের অভিযোগ, আগে থেকে পর্যাপ্ত পরিকল্পনা এবং ব্যবস্থা ছাড়াই অভিনেতা হলে চলে এসেছিলেন। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষও ভিড় নিয়ন্ত্রণের বন্দোবস্ত করেননি। তাই এমন ঘটনা ঘটেছে। অভিনেতা এ দায় এড়াতে পারেন না।
ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮ (১), ৩ (৫) ধারায় অল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত খুনের কথা বলা রয়েছে। ১১৮ (১) ধারায় অস্ত্রের মাধ্যমে (যন্ত্র, আগুন, ক্ষতিকর গ্যাস, বিষ ইত্যাদি) মৃত্যু ঘটানোর কথা বলা আছে।
এদিকে পুলিশ বলছে, অল্লু কখন কোথায় ছবির প্রিমিয়ারের জন্য যাবেন, পুলিশকে সে বিষয়ে পর্যাপ্ত তথ্য দেয়নি তার টিম। হল কর্তৃপক্ষের পক্ষ থেকেও পুলিশকে কিছু জানানো হয়নি। ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিলো।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা ছড়িয়ে পড়ার পর নিহতের পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্জুন।