রাতেই দেখা যাবে ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রটি

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো শাপলা মিডিয়া প্রযোজিত বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’। যা আজ রাতেই দেখতে পাবেন দর্শকরা।

চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুকে কীভাবে ষড়যন্ত্র করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় এবং এর পরদিন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর দাফন কীভাবে করা হয় তাই তুলে ধরা হয়েছে।

১৯৭৫ সালের ১৫ ও ১৬ আগস্ট, এই দুই দিনের ভয়াল সময়ের যতসব কথা উঠে এসেছে ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রে।

ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ও তাঁর দাফন নিয়ে জটিলতা সবই স্থান পেয়েছে ছবিতে। চলতি মাসের ১১ তারিখ ছবিটি সেন্সর ছাড়পত্র পায়।


এক ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি ১৪ আগস্ট রাত ১২টা এক মিনিটে বিনামূল্যে মুক্তি দেয়া হবে সিনেবাজ অ্যাপসে। পরে সিনেমা হল খুললে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

সেলিম খান পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন একাধিক গুণী অভিনয়শিল্পী। বঙ্গবন্ধুর ইতিহাস নির্ভর ছবিতে অভিনয় করে উচ্ছ্বাসিত তারা।

শিক্ষামন্ত্রী দীপুমনি বলছেন, এ চলচ্চিত্রটিতে উঠে এসেছে বাঙালি জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র ও নির্মমতার চিত্র।

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে ১৫ আগস্ট নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’


তিনি জানান, স্বাধীন জাতিকে পঙ্গু করতেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিলো। ছবিটি নতুন প্রজন্মের কাছে দেশকে ভালোবাসার এক উদাহরণ হয়ে থাকবে।

বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর ও তারুণ্য নিয়ে নির্মিত আরেক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়াভাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দেখানোর ঘোষণা দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।


একাত্তর/আরএ