ঐশ্বরিয়া না অভিষেক, কে বেশি ধনী?

বলিউড পাড়ার সবচেয়ে চর্চিত এবং প্রভাবশালী দম্পতিদের তালিকা করলে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম থাকবে একেবারে প্রথম সারিতে। রুপালি পর্দার রোমান্স থেকে শুরু করে বাস্তব জীবনের রাজকীয় জীবনযাপন, সব মিলিয়ে এই জুটির বৈভব চোখ ধাঁধিয়ে দেয়ার মতো। 

তবে ভক্তদের মনে উঁকি দেয়া দীর্ঘদিনের প্রশ্নটি হলো, বচ্চন পরিবারের এই ‘পাওয়ার কাপল’-এর মধ্যে আসলে কার সম্পত্তির পরিমাণ বেশি? স্বামী না কি স্ত্রী?

সম্পত্তির খতিয়ান বলছে, আয়ের দৌড়ে স্বামী অভিষেককে বড় ব্যবধানেই পেছনে ফেলেছেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রায় ২৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে হিন্দি, তামিল, বাংলা এবং ইংরেজি মিলিয়ে ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। 

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ঐশ্বরিয়া রাইয়ের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ মিলিয়ন ডলার। অন্যদিকে, ‘ধুম’, ‘গুরু’ বা ‘বান্টি অউর বাবলি’-র মতো সুপারহিট সিনেমা উপহার দেয়া অভিষেক বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ ৩৩ থেকে ৩৪ মিলিয়ন ডলারের আশেপাশে। অর্থাৎ, অর্থনৈতিক সাম্রাজ্যের বিচারে ঐশ্বরিয়া তাঁর স্বামীর চেয়ে প্রায় তিনগুণ বেশি ধনী!

শুধু সিনেমা নয়, ঐশ্বরিয়ার আয়ের একটি বড় অংশ আসে বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে। ‘লরিয়াল’ প্যারিস ব্রান্ডের বৈশ্বিক মুখ হিসেবে তিনি দীর্ঘকাল ধরে কাজ করছেন। 

এছাড়া লাক্সারি ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান লঞ্জিনের সাথেও তার দীর্ঘদিনের চুক্তি রয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের সবচেয়ে পরিচিত মুখ হওয়ার সুবাদে তার বিজ্ঞাপনী পারিশ্রমিকও আকাশচুম্বী।

অভিনয় ও প্রযোজনা ছাড়াও অভিষেকের আয়ের একটি বড় উৎস হলো ক্রীড়া জগত। ২০১৪ সালে তিনি প্রো কবাডি লিগে ‘জয়পুর পিঙ্ক প্যান্থার্স’ দলটি কেনেন, যা বর্তমানে অত্যন্ত লাভজনক একটি বিনিয়োগ। 

এছাড়া ইন্ডিয়ান সুপার লিগের ফুটবল দল ‘চেন্নাইয়িন এফসি’-রও সহ-মালিক তিনি। খেলার মাঠের এই নেশা অভিষেককে একজন সফল ব্যবসায়ীতে পরিণত করেছে।

দুবাইয়ের স্যাঙ্কচুয়ারি ফলসে এই দম্পতির রয়েছে প্রায় ১৬ কোটি রুপি মূল্যের এক বিলাসবহুল ভিলা। এছাড়া মুম্বাইয়ের অভিজাত এলাকায় রয়েছে একাধিক হাই-রাইজ অ্যাপার্টমেন্ট। 

বচ্চন পরিবারের মালিকানায় বোরিভালিতে ছয়টি এবং মুলুন্ড এলাকায় বেশ কিছু দামি সম্পত্তি রয়েছে, যা তাদের সম্মিলিত সম্পদকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

সব মিলিয়ে, অভিষেক তার স্পোর্টস টিম আর প্রযোজনা নিয়ে ব্যস্ত থাকলেও, গ্লোবাল ব্র্যান্ড আর সিনেমার দাপটে বচ্চন পরিবারের আসল ‘কুইন’ কিন্তু ঐশ্বরিয়াই।