মুকুট ছাড়াই বিশ্বমঞ্চে মাহির বড় অর্জন

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ফলে মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে গেছেন তিনি। তবে প্রতিযোগিতায় বড় অর্জন নিয়ে দেশে ফিরছেন এই বাংলাদেশি সুন্দরী। দর্শকদের ভোটে সুইমস্যুট ও ইভনিং গাউন, দুই বিভাগেই বিজয়ী হয়েছে বাংলাদেশ। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছেন মাহি।

প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী উপস্থিতি দিয়ে নজর কেড়েছিলেন মাহি। অন্য প্রতিযোগীদের অনেকেই বিকিনি বেছে নিলেও তিনি হাজির হন পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে। পোশাকটির পেছনে ছিল ছড়িয়ে পড়া লম্বা নীল কাপড়। প্রচলিত ধারার বাইরে গিয়ে এমন সাজ বেছে নেওয়া এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পান তিনি। এবার সেই বিভাগেই দর্শকদের ভোটে সেরার স্বীকৃতি পেলেন মাহি।

ছবি: সংগৃহীত

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের খবর জানান তিনি। মাহি লেখেন, মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সুইমস্যুট ও ইভনিং গাউন, এই দুই বিভাগেই দর্শকদের ভোটে বিজয়ী হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার কথাও জানান তিনি।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও এই অর্জন শুধু তার একার নয়, বরং দেশের প্রতিটি মানুষের বলে মনে করেন মাহি। বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের সঙ্গে নিজের নাম দেখতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পুরো প্রতিযোগিতার যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া, উৎসাহ ও সমর্থন তাকে সাহস জুগিয়েছে বলেও জানান মাহি। প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন উল্লেখ করে দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি বলে অভিহিত করেন তিনি। পোস্টের শেষে দেশের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে লেখেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’

সেরা ৩০-এ জায়গা না হলেও দর্শকদের ভোটে দুটি বিভাগে বিজয় এবং জাতীয় পোশাক বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতি মাহির মিস ইউনিভার্স যাত্রাকে দিয়েছে আলাদা মাত্রা।