বিচ্ছেদের জল্পনা নিয়ে যে বার্তা দিলেন ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ হচ্ছে বলে বছরখানেক ধরে বলিউডে জল্পনা চলছে। অনেকেই বলছিলেন, বচ্চন পরিবারের সঙ্গে ক্রমাগত দূরত্ব বাড়ছে ঐশ্বরিয়ার। মাসখানেক আগে ননদ শ্বেতা নন্দার ৫০তম জন্মদিনের পার্টিতেও দেখা যায়নি অভিষেক-ঐশ্বরিয়াকে।

এর আগে বচ্চন পরিবারের দীপাবলির অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন বাড়ির বউ। যার ফলেও তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ জল্পনা বাড়তে থাকে। অবশেষে নিজের ১৭তম বিবাহবার্ষিকীর দিনই সবটা খোলসা করে দিলেন ঐশ্বরিয়া নিজেই।

২০০৭ সালে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয় সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন অভিষেক-ঐশ্বরিয়ার।

অভিষেকের সঙ্গে বিয়ের পর বলিপাড়ার এমন কোনো অনুষ্ঠান দেখা যায়নি, যেখানে ঐশ্বরিয়া একা উপস্থিত ছিলেন। সব সময় অভিষেকের সঙ্গেই দেখা যতো তাকে। কিন্তু গত বছরে বদলে যায় সেই ছবি। একে অপরকে ছাড়াই যাচ্ছেন সব জায়গায়।

গত প্রায় দু’দশকের পথচলায় একাধিক বার বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে। এ বার অবশ্য সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার অভিষেক ও মেয়ে আরাধ্যর সঙ্গে ছবি দিলেন ঐশ্বরিয়া। ক্যাপশনে শুধুই ‘লাভ’ ইমোজি। মায়ের কাঁধে মাথা দিয়ে রয়েছে আরাধ্য। মেয়ের মাথায় থুতনি ঠেকিয়ে পোজ অভিষেকের, সেলফি তুলেছেন ঐশ্বরিয়া। এই একই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জুনিয়র বচ্চন অভিষেক।

গত কয়েক মাস ধরে এই দম্পতি নিয়ে যে সব জল্পনা চলছিলো এই পোস্টেই যেন সবটা স্পষ্ট করে দিলেন ঐশ্বরিয়া।