অমিতাভের সাধের ‘জলসা’ নিয়ে পরিবারে তুমুল অশান্তি!

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বিখ্যাত বাংলো ‘জলসা’র সামনে প্রতি রোববার ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। কিন্তু পর্দার আড়ালের এই রাজকীয় প্রাসাদের অন্দরমহলে যে সম্পত্তির মালিকানা নিয়ে তুমুল গৃহবিবাদ চলছে, তা এবার প্রকাশ্যে চলে এসেছে।

অমিতাভের ছোট ভাই অজিতাভের স্ত্রী রামোলা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জয়ার মালিকানাকে। তার অভিযোগ, ১৯৯৩ সালে একটি বিতর্কিত 'গিফট ডিড' বা দানপত্রের মাধ্যমে তার অজান্তেই এবং কোনো সম্মতি ছাড়াই ‘জলসা’ বাংলোটি জয়া বচ্চনের নামে হস্তান্তর করে নেওয়া হয়েছে।

ঘটনাটি এখন আর কেবল চার দেয়ালের ভেতর সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে সরকারি দপ্তরের টেবিলে। গত সাত মাস ধরে রামোলা বচ্চনের দায়ের করা একাধিক অভিযোগের ভিত্তিতে আন্ধেরির সময় সমিতির ডেপুটি রেজিস্ট্রারের কার্যালয়ে এই বিষয়ে আনুষ্ঠানিক শুনানিও শুরু হয়েছে।

ডেপুটি রেজিস্ট্রার ফাইয়াজ মুলানি অভিযোগ প্রাপ্তি ও শুনানি শুরুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সংশ্লিষ্ট সব পক্ষকে তাদের বক্তব্য জমা দিতে বলা হয়েছে। তবে এই পাল্টাপাল্টি দাবির বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

Amitabh Property
এই পারিবারিক দ্বন্দ্বের মূলে রয়েছে মালিকানার নথিপত্রে বড় ধরনের গরমিল। কাপোল হাউজিং সোসাইটির নথিতে ‘জলসা’র মালিক হিসেবে জয়া বচ্চনের নাম নথিভুক্ত থাকলেও, মহারাষ্ট্র সরকারের প্রপার্টি কার্ডে এখনো মালিক হিসেবে জ্বলজ্বল করছে রামোলা বচ্চনের নাম!

জানা গেছে, সম্প্রতি সরকারি নথি থেকে রামোলার নাম সরিয়ে সেখানে জয়া বচ্চনের নাম বসানোর একটি চেষ্টা চালানো হয়, আর ঠিক তখনই পুরোনো এই ক্ষত নতুন করে জেগে ওঠে।

রামোলা বচ্চন তার অভিযোগে রীতিমতো বিস্ফোরক সব তথ্য তুলে ধরেছেন। তার দাবি, ‘জলসা’ বাংলোটি মূলত তার নামেই নিবন্ধিত ছিল। পরবর্তীতে ১৯৯৩ সালে যে দানপত্রের মাধ্যমে এটি জয়া বচ্চনের নামে নেওয়া হয়েছে, সেই দলিলের বৈধতা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন।

রামোলার অভিযোগ অনুযায়ী, ওই সময় কোনো স্ট্যাম্প ডিউটি পরিশোধ না করেই স্রেফ সাদা কাগজে দলিলটি তৈরি করা হয়েছিল এবং তাতে কোনো সাক্ষীর সইও ছিল না। শুধু তা-ই নয়, পরবর্তীতে মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’ প্রকল্পের আওতায় ওই বিতর্কিত দলিলটি কীভাবে নিবন্ধন ও বৈধ করা হলো, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

বচ্চন পরিবারের এমন স্পর্শকাতর বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই মুখ খুলতে নারাজ সবাই। এ বিষয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি, আর জয়া বচ্চনের নাগাল পাওয়া যায়নি। অন্যদিকে, অভিষেক বচ্চনের এক মুখপাত্র বিষয়টিকে ‘পরিবারের অভ্যন্তরীণ ব্যাপার’ বলে এড়িয়ে গেছেন। সব মিলিয়ে, বাইরে থেকে চকচকে মনে হওয়া বচ্চন পরিবারের এই সম্পত্তি-বিবাদ এখন বলিউড পাড়ায় সবচেয়ে মুখরোচক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি