গ্ল্যামার আর আভিজাত্যের সঙ্গে পশুপ্রেম মিলেমিশে একাকার! কোনো প্রাণীর ক্ষতি না করেও যে ফ্যাশন দুনিয়ায় ঝড় তোলা যায়, তা আবারও প্রমাণ করলেন বলিউডের দুই শীর্ষ সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং ক্যাটরিনা কাইফ। সম্প্রতি অনুষ্ঠিত ‘পেটা ইন্ডিয়া ভেগান ফ্যাশন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বাজিমাত করেছেন এই দুই তারকা। কানের লালগালিচায় ঐশ্বরিয়ার পরা অমিত আগরওয়ালের তৈরি ‘লুমিনারা’ গাউন জিতে নিয়েছে ‘সেরা ভেগান ফ্যাশন মোমেন্ট’-এর খেতাব; অন্যদিকে ক্যাটরিনার ৩৫০ কোটি রুপির প্রসাধনী ব্র্যান্ড ‘কে বিউটি’ জিতে নিয়েছে ‘সেরা ভেগান মেকআপ ব্র্যান্ড’-এর পুরস্কার।
এ বছর কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি নিয়ে কম জল্পনা-কল্পনা হয়নি। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে কানে নিজের ২৪তম উপস্থিতিতে ডিজাইনার অমিত আগরওয়ালের নকশা করা ‘লুমিনারা’ গাউনে হাজির হয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। অমিতেরও কানে এটিই ছিল প্রথম কাজ। পশুজাত কোনো উপাদান ছাড়াই রিসাইকেলড রাবার কর্ড এবং ব্র্যান্ডের সিগনেচার ক্রিস্টাল ভেইন দিয়ে তৈরি এই পোশাকটিকে ‘সেরা ভেগান ফ্যাশন মোমেন্ট’ হিসেবে সম্মানিত করেছে পেটা ইন্ডিয়া।
ঐশ্বরিয়াকে সাজানোর অভিজ্ঞতা নিয়ে ডিজাইনার অমিত আগরওয়াল বলেন, ঐশ্বরিয়া সব সময়ই নিজস্ব স্বকীয়তা নিয়ে কানে হাজির হন। লুমিনারা তৈরির সময় আমরা চেয়েছিলাম এটি যেন কেবল একটি পোশাক না হয়ে তাঁর চারপাশে এক শক্তির বলয় তৈরি করে, যা বিশ্বমঞ্চে কয়েক দশক ধরে ছড়ানো তাঁর অসামান্য দ্যুতিকে সম্মান জানায়।
অন্যদিকে, শরীর ও চেহারা নিয়ে যাবতীয় অযাচিত সমালোচনাকে শুধুই বুড়ো আঙুল দেখিয়ে নিজের মেকআপ ব্র্যান্ড ‘কে বিউটি’র আকাশছোঁয়া সাফল্যে জবাব দিয়েছেন ক্যাটরিনা কাইফ। ২০১৯ সালের অক্টোবরে যাত্রা শুরু করা এই ব্র্যান্ডটির বাজারমূল্য ২০২৫ অর্থবছরের ২৪০ কোটি রুপি থেকে এক লাফে বেড়ে ২০২৬ অর্থবছরে ৩৫০ কোটি রুপিতে পৌঁছেছে। শুধু ব্যবসার অঙ্কেই নয়, বিউটি কনটেন্ট ক্রিয়েটরদের কাছেও দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে প্রাণিজ উপাদানমুক্ত এই ব্র্যান্ডটি, যার স্বীকৃতিস্বরূপ পেটা ইন্ডিয়ার সেরা ভেগান মেকআপ ব্র্যান্ডের পুরস্কার উঠল ক্যাটরিনার ঝুলিতে।
ঐশ্বরিয়া ও ক্যাটরিনা ছাড়াও ২০২৬ সালের ভেগান ফ্যাশন অ্যাওয়ার্ডসে বিভিন্ন ক্যাটেগরিতে সম্মানিত হয়েছেন আরও বেশ কয়েকজন তারকা ও ব্র্যান্ড। এর মধ্যে ‘সেরা ভেগান স্টাইল আইকন’ হয়েছেন অভিনেত্রী কারিশমা তান্না। এছাড়া সেরা ভেগান শাড়ি কালেকশনে ‘শোভিতম শাড়িস’, কিডস ফ্যাশনে ‘জোয়ি’, লাউঞ্জওয়্যারে ‘নোবেরো’, হ্যান্ডব্যাগে ‘লেবেল জেন’, ট্রাভেল গিয়ারে ‘স্কার্টার্স’, নারীদের জুতায় ‘সোল’আর্ট ফ্যাশন’, পুরুষদের জুতায় ‘ক্রাসা’, পার্সোনাল কেয়ার ব্র্যান্ডে ‘ট্রেন্ট লিমিটেড’ এবং ভেগান লেদার উদ্ভাবনে ‘টেরাটান’ পুরস্কার জিতেছে।
পেটা ইন্ডিয়ার করপোরেট অ্যাফেয়ার্সের পরিচালক আশিমা কুকরেজা জানান, এ বছরের বিজয়ীরা প্রমাণ করেছেন যে সহানুভূতিশীল ও প্রাণীবান্ধব ফ্যাশনই এখন মূলধারায় জায়গা করে নিচ্ছে। প্রাণীদের কোনো ক্ষতি না করেই স্টাইলিশ ভেগান পণ্যে নিজেদের ওয়ার্ডরোব সাজানোর জন্য ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
তথ্যসূত্র: এনডিটিভি