ঠোঁটকাটা স্বভাব আর স্পষ্টবাদিতার জন্য বলিউডে বরাবরই আলাদা পরিচিতি শাবানা আজমির। ধর্ম, ব্যক্তিগত স্বাধীনতা কিংবা নারীদের বোরকা পরা নিয়ে চলমান বিতর্কে আবারও নিজের সোজাসাপ্টা অবস্থান তুলে ধরে আলোচনায় এই বর্ষীয়ান অভিনেত্রী।
সম্প্রতি ঊষা কাকাদের এক পডকাস্টে শাবানা স্পষ্ট জানিয়েছেন, কোরআনে নারীদের নির্দিষ্ট কোনো ধরনে বোরকা পরার কথা বলা হয়নি; বরং সেখানে দৃষ্টিতে শালীনতা রাখার কথাই উল্লেখ আছে, যা নারী ও পুরুষ, উভয়ের জন্যই প্রযোজ্য।
ধর্মীয় ব্যাখ্যার অপব্যবহারের পাশাপাশি ব্যক্তিগত পছন্দের স্বাধীনতার প্রশ্নেও বেশ কড়া সুর শোনা গেছে শাবানার কণ্ঠে। তার সোজা কথা, তিনি নিজে বোরকা পরেন না ঠিকই, কিন্তু কেউ যদি তাকে জোর করে বলেন যে, তিনি বোরকা পরতে পারবেন না, তবে প্রতিবাদস্বরূপ তিনি একসঙ্গে তিনটি বোরকা পরবেন!
কে কী পরবেন তা ঠিক করে দেয়ার অধিকার কারও নেই বলে মনে করেন তিনি, তবে ধর্মনিরপেক্ষতার আড়ালে মৌলবাদ ছড়ানোও যে কোনোভাবেই মেনে নেয়া যায় না, সে কথাও মনে করিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
এর আগে আইআইএমইউএন’র ইউটিউব চ্যানেলে দেওয়া এক আড্ডায় নিজের ও স্বামী জাভেদ আখতারের ধর্মবিশ্বাস নিয়েও বেশ মজার এবং খোলামেলা সব গল্প শুনিয়েছিলেন শাবানা। কট্টর নাস্তিক জাভেদ আখতারের সঙ্গে তার খুনসুটি চলে রোজই, শাবানা কথায় কথায় ‘মাশাআল্লাহ’ বা ‘ইনশাআল্লাহ’ বললে জাভেদ নাকি পাল্টা প্রশ্ন করেন, সারাক্ষণ কেউ ‘প্রভুজি কি মর্জি’ বললে তার কেমন লাগত!
শাবানার যুক্তি, এগুলো ধর্মীয় গোঁড়ামি নয়, বরং তার মুখের ভাষার স্বাভাবিক অংশ। ধর্ম পালন করে কেউ মানসিক শান্তি পেলে তাতে আঘাত না করার পক্ষে শাবানা, যদিও জাভেদের পাল্টা যুক্তি, নাস্তিক হিসেবে তারও তো বিরক্ত হওয়ার অধিকার আছে! নিজেকে জন্মসূত্রে মুসলিম পরিচয় দিয়ে শাবানা জানান, ঈদ, উর্দু ভাষা আর খাবারদাবার তার ভীষণ প্রিয়; কিন্তু তারা নামাজ পড়েন না এবং ধর্মকে নিতান্তই একান্ত ব্যক্তিগত বিষয় বলেই মানেন, যেখানে রাষ্ট্রের নাক গলানো অনুচিত।