দুই কোটির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে তিন নারী

মাত্র দুই কোটি রুপি বাজেটে নির্মিত একটি সিনেমা আয় করেছে ৪৫২ কোটি ৮৬ লাখ রুপি। বলিউডের বড় বাজেটের সিনেমাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এমন অভাবনীয় সাফল্য পেয়েছে নিম করোলি বাবার জীবন অবলম্বনে নির্মিত ‘হনুমান অংশ’। তবে এই সাফল্যের পেছনে শুধু নির্মাতার পরিকল্পনা কিংবা দর্শকদের ভালোবাসা নয়, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিন নারী।

২০২৬ সালে বলিউডের অন্যতম বড় চমক হয়ে উঠেছে পরিচালক ও প্রযোজক ডা. বিশাল চতুর্বেদীর এই সিনেমা। মুক্তির প্রথম দিনের আয়, বিশাল আয়োজন কিংবা তারকানির্ভর প্রচারের ওপর নির্ভর না করেই সিনেমাটি বিশ্বব্যাপী দর্শকদের নজর কাড়ে। শুরুতে খুব বেশি প্রত্যাশা না থাকলেও পরে বক্স অফিসে বড় বাজেটের সিনেমাগুলোকেও চ্যালেঞ্জ জানায় এটি।

সিনেমাটির সাফল্যের গল্পে গুরুত্বপূর্ণ তিন নারী হলেন অনুপ্রিয়া নাগর, রাগিনি সোনা ও নম্রতা জি সিং। প্রত্যেকে ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করে সিনেমাটির পাশে দাঁড়িয়েছেন।

ছবি: সংগৃহীত

তিনজনের মধ্যে সবচেয়ে কম বয়সী অনুপ্রিয়া নাগর। মাত্র ২১ বছর বয়সে সিনেমাটির সঙ্গে যুক্ত হন তিনি। শেষ পর্যায়ের নির্মাণকাজ চলার সময় অর্থায়নের প্রয়োজন দেখা দিলে মোট বিনিয়োগের এক-তৃতীয়াংশ অর্থ দেন অনুপ্রিয়া। তবে তার অবদান শুধু অর্থায়নেই সীমাবদ্ধ ছিল না। সিনেমাটির প্রতি আধ্যাত্মিক টান থেকে শতাধিক পডকাস্টার ও বিভিন্ন মাধ্যমে কাজ করা নির্মাতার কাছে ই-মেইল পাঠান। সাক্ষাৎকারের প্রস্তাব দেওয়ার পাশাপাশি নিজ উদ্যোগে সিনেমাটির প্রচারেও কাজ করেন। একপর্যায়ে সিনেমাটির সাফল্যের গল্পের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

অন্যদিকে, সিনেমাটির বক্স অফিস সাফল্য সামনে আসার পর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাগিনি সোনা। সিনেমাটির প্রেক্ষাগৃহে প্রদর্শন থেকে শুরু করে ভবিষ্যৎ পরিকল্পনা, সব ক্ষেত্রেই তিনি নিজের অবস্থানে অটল ছিলেন। তার বিশ্বাস ছিল, ‘হনুমান অংশ’ শুধু একটি সফল সিনেমা হয়েই থাকবে না, বরং একটি ধারাবাহিক চলচ্চিত্র নির্মাণের সূচনা করবে।

‘ডিভাইন ডিটুর: দ্যাট চেঞ্জড মাই লাইফ’ বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘হনুমান অংশ’। বইটিতে নিম করোলি বাবার জীবন তুলে ধরা হয়েছে। রাগিনি সোনার মতে, এই জীবনীতে এমন অনেক বিষয় রয়েছে, যা একাধিক সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা সম্ভব।

এদিকে সিনেমাটির স্বত্ব, প্রচার ও প্রতিনিধিত্ব নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে একটি প্রকাশ্য বিবৃতি দেওয়ার পর কিছুটা জটিলতা তৈরি হয়। সেই সময় পরিচালক ডা. বিশাল চতুর্বেদীর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নম্রতা জি সিং। প্রকল্পটির অনুমোদিত নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি জনসংযোগ, মার্কেটিং, পুরস্কার কার্যক্রম এবং কৌশলগত অংশীদারত্বের বিষয়গুলো তদারক করেন।

সিনেমাটি জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে গণমাধ্যমের নজর বাড়ে। বিভিন্ন ওটিটি প্রতিষ্ঠানের আগ্রহও তৈরি হয়। এ অবস্থায় সিনেমাটির পরবর্তী পর্যায়ের পরিকল্পনা ও কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয় নম্রতাকে।

‘হনুমান অংশ’-এর সাফল্য শুধু বক্স অফিসের বিশাল অঙ্কের গল্প নয়। অনুপ্রিয়া নাগর অর্থায়ন ও প্রচারে, রাগিনি সোনা সিনেমাটির ভবিষ্যৎ ধারাবাহিকতা ও জনসমর্থন তৈরিতে এবং নম্রতা জি সিং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ব্যবসায়িক উন্নয়নে অবদান রেখেছেন।

তিন নারীর সম্মিলিত প্রচেষ্টা ও ভিন্ন ভিন্ন দক্ষতায় মাত্র দুই কোটি রুপির একটি ভক্তিমূলক জীবনীভিত্তিক সিনেমা ২০২৬ সালের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্যে পরিণত হয়েছে। যে সিনেমা নিয়ে শুরুতে খুব বেশি প্রত্যাশা ছিল না, সেই সিনেমার সাফল্যের গল্পে এখন সমান গুরুত্ব পাচ্ছে পর্দার আড়ালে থাকা এই তিন নারীর অবদান।

সূত্র: এনডিটিভি