বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষে কে কত নেন?

বলিউডে সিনেমার সাফল্য, জনপ্রিয়তা ও অভিনয়দক্ষতার পাশাপাশি তারকাদের পারিশ্রমিক নিয়েও আগ্রহের কমতি নেই। সিনেমাপ্রতি কোটি কোটি রুপি পারিশ্রমিক নেন ভারতের জনপ্রিয় অভিনেত্রীরা। ২০২৬ সালের হিসাবে এই তালিকায় সবার ওপরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশের বাইরে বসবাস করলেও সিনেমাপ্রতি তার পারিশ্রমিক ৩০ থেকে ৪০ কোটি রুপি পর্যন্ত বলে জানা গেছে।

নুবিয়া ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রানাউত ও কারিনা কাপুর। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে তাদের পারিশ্রমিকের আনুমানিক হিসাব তুলে ধরা হয়েছে। তবে এসব অঙ্ক অভিনেত্রীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

তালিকার শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

তালিকার শীর্ষে থাকা প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘ বিরতির পর ভারতীয় সিনেমায় ফিরছেন এসএস রাজামৌলির ‘বারাণসী’ দিয়ে। এতে মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয় করবেন তিনি। সিনেমাটিতে মান্দাকিনি চরিত্রে দেখা যাবে তাকে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সিনেমার জন্য তার পারিশ্রমিক ৩০ কোটি রুপি। তবে নুবিয়া ম্যাগাজিনের হিসাবে, সাম্প্রতিক প্রজেক্টগুলোতে তার পারিশ্রমিক ৪০ কোটি রুপি পর্যন্ত হতে পারে।

প্রিয়াঙ্কার পরের অবস্থানেই রয়েছেন দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট। দুজনেরই সিনেমাপ্রতি পারিশ্রমিক প্রায় ৩০ কোটি রুপি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দেখা যাবে দীপিকাকে।

ছবি: সংগৃহীত

অন্যদিকে, ‘স্ত্রী’ সিনেমার সাফল্যে দর্শকের নজর কাড়া শ্রদ্ধা কাপুর সিনেমাপ্রতি ২৫ থেকে ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেন বলে জানা গেছে। ক্যাটরিনা কাইফের পারিশ্রমিক ১৫ থেকে ২১ কোটি রুপির মধ্যে।

ছবি: সংগৃহীত

তালিকায় রয়েছেন অভিনেত্রী ও রাজনীতিক কঙ্গনা রানাউতও। সিনেমাপ্রতি তার পারিশ্রমিক প্রায় ৩০ কোটি রুপি বলে নুবিয়া ম্যাগাজিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর কারিনা কাপুরের পারিশ্রমিক প্রায় ১৮ কোটি রুপি।

উল্লেখ্য, অভিনেত্রীদের পারিশ্রমিকের এসব অঙ্ক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে করা আনুমানিক হিসাব। প্রকৃত পারিশ্রমিক প্রজেক্টভেদে ভিন্ন হতে পারে এবং সংশ্লিষ্ট তারকাদের পক্ষ থেকে তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সূত্র: জি নিউজ