জেনিফার ব্যারেটোর গল্পটা হার মানাবে সিনেমাকেও!

সৌন্দর্য প্রতিযোগিতার চিরাচরিত ছক ভেঙে দিয়ে মিস ইউনিভার্সের ৭৫ বছরের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। মঙ্গলবার  রাতে নিজ দেশের মাটি সান জুয়ানের হোসে মিগুয়েল আগরেলট কলিসিয়ামে ১১৫ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর মুকুট জিতে নিয়েছেন ২৭ বছর বয়সী এই তরুণী।

Jennifer Barreto 01
তবে তার এই জয় কেবল একটি আন্তর্জাতিক খেতাব অর্জন নয়, বরং বিশ্বমঞ্চে এক অনন্য ইতিহাস, সাত বছর বয়সী কন্যাসন্তান পেনেলোপির মা জেনিফারই মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম মা, যিনি এই বিশ্বসেরা মুকুট মাথায় তুললেন। মেক্সিকোর ফাতিমা বশের হাত থেকে ‘রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ খ্যাত ৩ হাজার ১৫০টি হীরাখচিত মুকুটটি গ্রহণ করার পর পুয়ের্তো রিকোর ঘরে ফিরল ষষ্ঠ মিস ইউনিভার্স শিরোপা।

Jennifer Barreto 07
মজার বিষয় হলো, এ বছরের আগে কোনো সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চেই পা রাখেননি জেনিফার! ২০২২ সালে নিয়ম বদলে বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ দেয়ার পর ২০২৩ সালে গুয়াতেমালার মিশেল কোন প্রথম মা হিসেবে অংশ নিয়েছিলেন, আর এবার সরাসরি সেরার মুকুটই ছিনিয়ে নিলেন ‘লা ব্যারেটো’ নামে সামাজিক মাধ্যমে পরিচিত এই তারকা। গত ২৫ জুন সান সেবাস্তিয়ানের প্রতিনিধি হিসেবে ৩৪ জনকে হারিয়ে ‘মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো’ হওয়ার রাতেই সেরা ক্যাটওয়াক, উজ্জ্বল ত্বক ও সেরা হাসির পুরস্কারও নিজের ঝুলিতে ভরেছিলেন তিনি।

Jennifer Barreto 03
তবে গ্ল্যামার জগতের বাইরে জেনিফারের আসল পরিচয় আরও বেশি অনুপ্রেরণাদায়ক। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীনে টেক্সাসের ফোর্ট কাভাজোসে ইউএস আর্মির ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে ২০২১ সাল থেকে কাজ করছেন তিনি, শুরুতে এডুকেটর ও ক্রাইসিস রেসপন্ডার হিসেবে, আর বর্তমানে প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে সমাজে ক্ষতিকর আচরণ প্রতিরোধ ও সুস্থ কমিউনিটি গড়াতে কাজ করছেন।

Jennifer Barreto 06
মনোবিজ্ঞানে স্নাতক করার পর মনোবিজ্ঞান এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে দুটি স্নাতকোত্তর ডিগ্রিধারী জেনিফারের রয়েছে ট্রমা ইন্টারভেনশন, শিশু সুরক্ষা, পারিবারিক সহিংসতা ও আত্মহত্যা প্রতিরোধের ওপর বিশেষ প্রশিক্ষণ। ছয় বছর বয়স থেকে পেশাদার ভলিবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখলেও ডান কাঁধের অস্ত্রোপচার সেই পথে বাধা হয়ে দাঁড়ায়; দাদা-দাদির স্নেহে বেড়ে ওঠা জেনিফার অবসরে বই পড়েন আর পুয়ের্তো রিকোর শিশু ডায়াবেটিস সমিতিতে স্বেচ্ছাসেবী হিসেবে শিশুদের পাশে দাঁড়ান।

Jennifer Barreto 04
চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে জেনিফারের বুদ্ধিদীপ্ত জবাবই যেন মুকুট জয়ের পথ প্রশস্ত করে দেয়। বর্তমান সময়ে নেতাদের সবচেয়ে কী প্রয়োজন, এমন প্রশ্নে তার সোজাসাপ্টা উত্তর ছিল, নেতাদের উচিত নিজেরা উদাহরণ তৈরি করা এবং যে জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন, তাদের কথা মন দিয়ে শোনা। এর আগের রাউন্ডে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবিক মূল্যবোধ হারানো উচিত নয় জানতে চাইলে তিনি বলেন, এআই দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে, তবে মানুষের কথা ও কাজের মিল ধরে রাখার মূল্যবোধটাই সবচেয়ে জরুরি।

Jennifer Barreto 05
মারিও লোপেজ ও আর’বনি গ্যাব্রিয়েলের সঞ্চালনায় জমকালো এই আসরে প্রথম রানার-আপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ, দ্বিতীয় রানার-আপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস; চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন। জাতীয় শিরোপা জয়ের দিন জেনিফার বলেছিলেন, তার মাথার মুকুটটি আসলে একটি উদ্দেশ্যের প্রতীক, বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এবার সেই মানবিক উদ্দেশ্যকেই আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পালা।