দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন জনপ্রিয় পপতারকা মাইলি সাইরাস

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণয়ে গড়াল। সঙ্গীতশিল্পী ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করেছেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে বিয়ের আয়োজন সম্পন্ন করেন তাঁরা।

পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (২১ নভেম্বর) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। বিয়ের কয়েকটি ছবিও প্রকাশ করেছে পত্রিকাটি। অনুষ্ঠানে মাইলির মা টিশ সাইরাস, বোন নোয়া সাইরাসসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিয়ের আগের দিন শুক্রবারের নৈশভোজের একটি ছবি প্রকাশ করেছেন মাইলির সৎবোন লিলি-রোজ পার্সেল।

২০২৫ সালের ডিসেম্বরে বাগ্‌দানের প্রায় এক বছর পর বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন মাইলি ও ম্যাক্স। ৩৩ বছর বয়সী মাইলির সঙ্গে ২৮ বছর বয়সী ম্যাক্সের সম্পর্কের শুরু ২০২১ সালে।

মাইলির সংগীতজীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ম্যাক্সের। ২০২৩ সালে প্রকাশিত মাইলির অ্যালবাম ‘এন্ডলেস সামার ভেকেশন’-এ প্রযোজক হিসেবে কাজ করেন তিনি। এ ছাড়া গায়িকার নবম অ্যালবাম ‘সামথিং বিউটিফুল’-এর একাধিক গানের প্রযোজনার পাশাপাশি অ্যালবামের প্রধান গানটি লেখার কাজেও সহযোগিতা করেন ম্যাক্স। মাইলির দশম অ্যালবামের কাজেও যুক্ত ছিলেন তিনি। সম্প্রতি মঞ্চে একসঙ্গে পারফর্ম করেন এই জুটি এবং মাইলির ‘লেটস গেট ম্যারেড’ গানটি পরিবেশনের সময় ড্রাম বাজান ম্যাক্স।