অপেক্ষার অবসান, নতুন ‘জেমস বন্ড’ রবার্ট প্যাটিনসন!

নতুন যুগে স্পাই ফ্র্যাঞ্চাইজি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম

দীর্ঘ প্রতীক্ষা আর রুদ্ধশ্বাস সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল নতুন ‘জেমস বন্ড’-এর পরিচয়। হলিউডের জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে বিখ্যাত এই ব্রিটিশ গুপ্তচর চরিত্রে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে।

সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে রুপালি পর্দার সপ্তম অফিশিয়াল ‘০০৭’ হিসেবে ইতিহাসে নাম লেখালেন ৪০ বছর বয়সি এই তারকা।


ঘোষণার প্রক্রিয়াটিও ছিল ঠিক জেমস বন্ডের সিনেমার মতোই নাটকীয়! সোমবার গ্রিনিচ মান সময় বিকেল ৩টার ঠিক আগে এক্স ও ইনস্টাগ্রামে জেমস বন্ডের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আগের সব পোস্ট হঠাৎ মুছে ফেলা হয়।

এরপর সেখানে বারবার ভেসে উঠতে থাকে একটি রহস্যময় বার্তা- ‘আইডেন্টিটি কনফার্মড’ (পরিচয় নিশ্চিত হয়েছে)। এর পরপরই স্টুডিওর পক্ষ থেকে বন্ডের চিরচেনা কালো টাক্সিডো পরা রবার্ট প্যাটিনসনের প্রথম ছবি প্রকাশ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টুডিও জানায়, প্যাটিনসনের এই অন্তর্ভুক্তি সিনেমার ইতিহাসের অন্যতম জনপ্রিয় এই চরিত্রের জন্য এক নতুন যুগের সূচনা করবে।


স্বপ্নের এই চরিত্রে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রবার্ট প্যাটিনসন এক বিবৃতিতে বলেন, সিনেমার ইতিহাসে জেমস বন্ড অন্যতম কিংবদন্তি একটি চরিত্র। ০০৭-এর দায়িত্ব পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। এই চরিত্রটি পাওয়া আমার স্বপ্ন পূরণের চেয়েও বেশি কিছু।

উল্লেখ্য, নতুন বন্ড খোঁজার দীর্ঘ এই প্রক্রিয়ায় জশ ও’কনর এবং ক্যালাম টার্নারের মতো অভিনেতাদের সঙ্গে পাঁচজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন প্যাটিনসন। তবে গত শুক্রবার থেকেই গুঞ্জন ছড়িয়েছিল যে, প্রতিদ্বন্দ্বীদের চেয়ে প্যাটিনসনকে অনেক বেশি আকর্ষণীয় চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে, আর শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।


২০২১ সালে মুক্তিপ্রাপ্ত 'নো টাইম টু ডাই' সিনেমার মাধ্যমে বন্ড চরিত্রকে বিদায় জানিয়েছিলেন ড্যানিয়েল ক্রেগ। ২০০৬ সালে 'ক্যাসিনো রয়্যাল' দিয়ে শুরু করে পাঁচটি বন্ড সিনেমায় অভিনয় করেন তিনি, যার মধ্যে ২০১২ সালের 'স্কাইফল' একাই বিশ্বজুড়ে ১১০ কোটি ডলার আয় করে রেকর্ড গড়েছিল।

প্যাটিনসন অভিনীত বন্ড সিরিজের ২৬তম (আন-অফিশিয়াল দুটি ধরলে ২৮তম) সিনেমাটি হবে অ্যামাজন-এমজিএম স্টুডিওসের অধীনে নির্মিত প্রথম বন্ড চলচ্চিত্র। ২০২৫ সালে মূল প্রযোজক পরিবারের উত্তরসূরি বারবারা ব্রোকলি ও মাইকেল জি উইলসনের কাছ থেকে ১০০ কোটি ডলারেরও বেশি মূল্যে সিরিজটির স্বত্ব কিনে নেয় অ্যামাজন-এমজিএম।


নতুন এই সিনেমায় প্রযোজক হিসেবে থাকছেন 'হ্যারি পটার' খ্যাত ডেভিড হেম্যান ও 'স্পাইডার-ম্যান' খ্যাত অ্যামি প্যাসকেল। আর 'ডুন' ট্রিলজির নির্মাতা ডেনিস ভিলেনিউভের পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য লিখছেন 'পিকি ব্লাইন্ডার্স'-এর স্রষ্টা স্টিভেন নাইট।

২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’-এ সেড্রিক ডিগরি চরিত্রে নজর কাড়ার পর ‘টোয়াইলাইট’ সিরিজে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেন হয়ে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পান প্যাটিনসন। এরপর ডেভিড ক্রোনেনবার্গ ও রবার্ট এগার্সের মতো নির্মাতাদের শৈল্পিক সিনেমায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ দিয়ে মূলধারার ব্লকবাস্টারে রাজকীয় প্রত্যাবর্তন ঘটান তিনি।


১৯৬২ সালে ‘ডক্টর নো’ সিনেমার মাধ্যমে শন কনারির হাত ধরে পর্দায় জেমস বন্ডের যাত্রা শুরু হয়েছিল। এরপর একে একে জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান এবং ড্যানিয়েল ক্রেগ এই চরিত্রটিকে অমর করে রেখেছেন।

এখন পর্যন্ত অফিশিয়াল বন্ড সিনেমাগুলো বক্স অফিসে ৭৮০ কোটি ডলার আয় করে ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ আয়কারী ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে। এবার রবার্ট প্যাটিনসনের হাত ধরে সেই সাফল্যের মুকুটে নতুন কোন পালক যুক্ত হয়, সেটিই দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

একাত্তর/এআরএস
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
পাকিস্তানের আদিয়ালা কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে নিজের এবং স্ত্রী বুশরা বিবির জীবন বাঁচাতে ও সুচিকিৎসার দাবিতে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিদের উদ্দেশে আবেগঘন খোলা চিঠি লিখেছেন কারাবন্দি সাবেক...
বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে সরাসরি প্রাণনাশের হুমকি দিল কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ডিলন! লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শুটারকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করার রেশ...
যুদ্ধ হয়তো থামে সাময়িকভাবে, কিন্তু স্বজন হারানোর ক্ষত আর ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ প্রিয়জনের লাশের অপেক্ষায় কাটানো দিনগুলো কি কখনো মুছে যায়? গাজার উত্তরাঞ্চলের বীর আন-নাজার বাসিন্দা ষাটোর্ধ্ব মাহমুদ...
ইকুয়েডরে মার্কিন সামরিক ঘাঁটি থাকার অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। গুয়াইয়াকিল বন্দরের কাছে তাউরা বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও যুদ্ধবিমানের অস্বাভাবিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর