ক’দিন আগে সাবেক স্ত্রীর সঙ্গে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে টলিউডে আলোচনায় ছিলেন সংগীত শিল্পী অনুপম রায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও হয় তুমুল আলোচনা।
সেসব একটু থিতু হতেই আবার সোমবার থেকে অনুপমকে নিয়ে চর্চা চলছে। কারণ, তিনি আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্রী সংগীতশিল্পী প্রস্মিতা পাল।
প্রস্মিতা টলিউডের একাধিক ছবিতে প্লেব্যাক করেছেন। অনুপমের সঙ্গেও তার দীর্ঘ দিনের আলাপ। তবে সেই সম্পর্ক ছিল পেশাদার।
কিন্তু বিয়ের সিদ্ধান্ত কবে নিলেন? এই প্রশ্নে আনন্দবাজারকে প্রস্মিতা বললেন, ‘বিগত এক বছর ধরে আমরা সম্পর্কে রয়েছি। তার পর মনে হলো যে, পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারি। তার পরেই বিয়ের সিদ্ধান্ত নিই।’
জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন প্রস্মিতা এবং বিষয়টাকে তিনি ইতিবাচক দিক থেকেই দেখতে চাইছেন। প্রস্মিতা বললেন, ‘নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি। আমি খুবই আশাবাদী। আমাদের চারপাশে সকলে ভাল থাকলে আমরা ভালই থাকব।’
অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয়। গত বছর ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তার পর থেকে সমাজমাধ্যমে শুরু হয় ট্রোলিং।
সম্প্রতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ের খবর প্রকাশ্যে আসতেও সমাজমাধ্যমে শুরু হয় কটাক্ষ। এখন, প্রস্মিতা আর অনুপমও কি সম্ভাব্য ‘ট্রোলিং’ এর জন্য প্রস্তুত?
প্রস্মিতা বললেন, ‘আমি জানি এবং তার জন্য আমরা প্রস্তুত। আমার মনে হয়, আমরা দু’জন সুখী হলে নেতিবাচক কোনো কিছু আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না।’
প্রস্মিতা জানালেন, যাতে নেতিবাচক মন্তব্য কম আসে, সে দিক থেকেও তিনি এবং অনুপম আশাবাদী।
আগামী ২ মার্চ দুই পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে সারবেন অনুপম ও প্রস্মিতা।
আলাদা করে কোনো অনুষ্ঠানের আপাতত পরিকল্পনা নেই বলেই জানালেন শিল্পী। বিয়ের পর কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনার কথা জানতে চাইলে প্রস্মিতা বলেন, ‘এখনও কিছুই ভাবিনি।’
অনুপম বিয়ের ব্যাপারে বলেন, ‘দেখা যাক কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি।’ প্রস্মিতা ও অনুপম একসঙ্গে ‘হাইওয়ে’ ছবিতে ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন। এ ছা্ড়াও প্রস্মিতার গাওয়া ‘সাজনা’ কিংবা ‘হতে পারে না’ গানগুলি বেশ জনপ্রিয়।
২০১৫ সালে পিয়া চক্রবর্তী সঙ্গে বিয়ে হয় অনুপমের। প্রায় ছয় বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ ঘোষণা করেন তারা। কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয়েছিলো পিয়ার। এই বন্ধুত্ব পরবর্তী কালে এসে গড়ায় ভালবাসার সম্পর্কে। তার পরই বিয়ের সিদ্ধান্ত নেন। তত দিনে অনুপমের প্রথম বিচ্ছেদ হয়ে গিয়েছে।
পিয়ার সঙ্গে বিয়ের পর অনুপমের পেশাদার জীবন কিংবা ব্যক্তিগত জীবনে কোনো বদল আসেনি। একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন, সুরারোপ করেছেন অনুপম। প্রকাশিত হয়েছে কবিতার বই। অন্য দিকে, পিয়া পড়াশোনার সঙ্গে নানা সামাজিক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। অনুপমের পরিচালনায় রবীন্দ্রনাথের গানের একক একটি অ্যালবামও প্রকাশিত হয়েছিলো পিয়ার।