এক বিরল রোগের সঙ্গে দীর্ঘদিনের শারীরিক লড়াই আর পর্দার আড়ালে থাকা দিনগুলোর অবসান ঘটিয়ে, অবশেষে এক রাজকীয় প্রত্যাবর্তন করছেন পশ্চিমা সুরের সম্রাজ্ঞী সেলিন ডিওন। বিরল স্নায়বিক রোগ ‘স্টিফ পারসন সিনড্রোম’-কে জয় করে আবারও মঞ্চে গান গাইতে ফিরছেন এই গ্যামি জয়ী তারকা। নিজের ৫৮তম জন্মদিনে ভক্তদের এই সেরা উপহারটি দিলেন সেলিন নিজেই।
সোমবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় সেলিন ঘোষণা করেছেন, আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে তিনি ১০টি কনসার্ট করবেন। প্যারিস লা ডিফেন্স অ্যারেনার মতো বিশাল ভেন্যুতে (৪০ হাজার আসন বিশিষ্ট) এই শোগুলো অনুষ্ঠিত হবে। ভিডিওতে অত্যন্ত আনন্দিত সেলিনকে বলতে দেখা যায়, এ বছর আমি জীবনের সেরা জন্মদিনের উপহারটি পাচ্ছি। আমি এখন বেশ ভালো এবং শক্তিশালী বোধ করছি। ভিডিওতে তাকে কিছুটা নাচতেও দেখা গেছে, যা তার সুস্থতারই ইঙ্গিত দেয়।
গুঞ্জন থেকে বাস্তবতা: গত সপ্তাহ থেকেই প্যারিসের রাস্তায় সেলিনের জনপ্রিয় গানের শিরোনাম সম্বলিত পোস্টার দেখা যাচ্ছিল, যা নিয়ে ভক্তদের মনে গুঞ্জনের ডানা মেলে। এরপর সেলিন নিজে প্যারিসের পুরোনো কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলে উত্তেজনার পারদ আরও চড়ে যায়। অবশেষে জন্মদিনের দিন এল সেই মাহেন্দ্রক্ষণ। আগামী ৭ এপ্রিল থেকে এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে।
বেদনার সেই দিনগুলো: ২০২২ সালে সেলিন ডিওন প্রথম জানান যে, তিনি 'স্টিফ পারসন সিনড্রোম' নামক এক বিরল রোগে আক্রান্ত। এই রোগের কারণে তার সারা শরীরে প্রচণ্ড খিঁচুনি হতো, যা তার চলাফেরা এমনকি কণ্ঠনালিকেও ক্ষতিগ্রস্ত করেছিল। পরিস্থিতি এতটাই খারাপ ছিল, ২০২৩ সালে তিনি তার 'কারেজ ওয়ার্ল্ড ট্যুর' বাতিল করতে বাধ্য হন। তখন অনেক বিশেষজ্ঞই ধারণা করেছিলেন, সেলিন হয়তো আর কখনোই মঞ্চে ফিরতে পারবেন না।
লড়াই এবং জয়: নিজের এই কঠিন জীবনযুদ্ধ নিয়ে ২০২৪ সালে তিনি ‘আই অ্যাম: সেলিন ডিওন’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করেন। সেখানে দেখা যায়, অসহ্য যন্ত্রণার মাঝেও তিনি শুধুই ভক্তদের জন্য নিজের কণ্ঠ ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেছিলেন, মানুষগুলোকে আমি খুব মিস করি। সেই জেদ আর ইচ্ছাশক্তিরই প্রতিফলন দেখা গেছে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে, যেখানে এডিথ পিয়াফের গানে বিশ্বকে মুগ্ধ করেছিলেন তিনি।
টিকটকে নতুন রূপে: শুধু কনসার্ট নয়, যুগের সাথে তাল মিলিয়ে টিকটকেও এখন বেশ সক্রিয় সেলিন। রসিকতা করে তিনি জানিয়েছেন, তার টিম ফোন হাতে ধরিয়ে দিয়ে তাকে এই নতুন জগতের পাঠ শিখতে বলেছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেপ্টেম্বর-অক্টোবরের সেই রাতের জন্য, যখন আবারও ‘মাই হার্ট উইল গো অন’-খ্যাত এই নক্ষত্র তার জাদুকরী কণ্ঠে প্যারিসের আকাশ-বাতাস কাঁপিয়ে দেবেন।
তথ্যসূত্র: সিএনএন