আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১৪ই নভেম্বর এ দিবসটি পালিত হয়। 

বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালের ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।

আজকের দিনে বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং জন্ম নিয়েছিলেন এবং তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ইনসুলিন আবিষ্কার করেছিলেন।

প্রতি বছর বাংলাদেশসহ প্রায় বিশ্বের ১৭০টি দেশে এ দিবসটি পালিত হয়।

এ বছর ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য হলো 'ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়'। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নানা কর্মসূচি গ্রহণ করেছে। সমিতির বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত সমিতিগুলো কর্মসূচি পালন করবে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) এক জরিপে দেখা গেছে, দেশের ২৫ দশমিক ৬ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এবং দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশেরও বেশি মানুষ ডায়াবেটিস রোগটি বহন করছেন।

২০১৯ সাল পরবর্তী করোনা মহামারী ডায়াবেটিস রোগীদের জন্য আরও ঝুঁকি সৃষ্টি করেছে।

আরও পড়ুন: ঢাকায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮

গবেষণা ও দেশে করোনা সংক্রমিত রোগীর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ডায়াবেটিস আক্রান্ত রোগীদের কভিড-১৯ সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি।

ফলে বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারীর সময় ডায়াবেটিস নিয়ে আরও সচেতন হতে হবে। ডায়াবেটিস সেবা নিতে কোনোভাবেই দেরি করা যাবে না।  

চিকিৎসকদের মতে, ডায়াবেটিস প্রতিরোধে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা, শাকসবজি ও ফলমূল বেশি খাওয়া, নিয়মিত শারীরিক পরিশ্রম করা, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়মিত মাপা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা জরুরি। একইসঙ্গে তামাক ও তামাকজাত দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকাও উচিৎ। 


একাত্তর/আরবিএস