গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ১৮৭ জনের দেহে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত হাম উপসর্গে মোট ৭১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গে মোট ৮১০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে তিনজন। এছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৫৪ জন নতুন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬৮ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট এক লাখ ২২ হাজার ১৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মোট ১৫ হাজার, ১৯৪ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে।
জেলা ও বিভাগ বিবেচনায় সন্দেহজনক হাম রোগে মৃত্যু ও আক্রান্তের হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ পর্যন্ত মোট এক লাখ চার হাজার ৭১৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ এক হাজার ৫৬ জন।