হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) আরও ছয়জন মারা গেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৩৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ৩৩ হাজার ৬৩৮ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৫ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ৭৪০ জন।
গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৫ হাজার ৮৭৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১১ হাজার ৫৮৭ জন।