হাম ও উপসর্গে বাড়ছে প্রাণহানি, হাজার ছুঁই ছুঁই

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে দুজন ও খুলনা বিভাগে একজন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।

সোমবার (০৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯৭।

এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৯৭ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে সারাদেশে ৬০ জনের হাম শনাক্ত হয়েছে। তাদের সবাই ঢাকা বিভাগে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৫৬ জন।

এছাড়া, ২৪ ঘণ্টায় এক হাজার ১৫৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৩০৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশের হাসপাতালে এক লাখ ৪৫ হাজার ২৭০ জন ভর্তি হয়েছেন।