নড়াইলে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ওই মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডিতের নাম মিরাজ আলী ওরফে মিরাজ হুজুর। তিনি নড়াইল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর বাদামতলা এলাকার ‘জামিয়া রহমানিয়া তাইসিরুল উলুম মাদ্রাসা’র শিক্ষক ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই ভোরে ওই মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী বলাৎকারের শিকার হয়। ওই মাদ্রাসারই শিক্ষক মিরাজ আলী এ ঘটনা ঘটান। ঘটনার দুই দিন পর, ১৩ জুলাই ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে নড়াইল সদর থানায় অভিযুক্ত শিক্ষক মিরাজ আলীকে আসামি করে মামলা করেন।
পুলিশ মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত আসামি মিরাজ আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার আদেশ দেন।
