সারাদেশে হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ১১১ জন।
একই সময়ে হামের উপসর্গে চট্টগ্রাম বিভাগে দুইজন (চট্টগ্রাম ও নোয়াখালীতে একজন করে) এবং ঢাকায় একজন মারা গেছেন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৯১২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছেন ১০০ জন। এই পর্যন্ত মোট মারা গেছে এক হাজার ১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৬৯ হাজার ৮২২ জনের।
এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৯ হাজার ৪৭১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে এক লাখ ৪৩ হাজার ৮৬৪ জন বাড়ি ফিরেছেন।
১৫ মার্চ থেকে দেশে ১৯ হাজার ৯৬৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।