রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের অনিয়ম দেখে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। সেইসঙ্গে রোগীদের সঙ্গে সেবার মান নিয়ে কথা বলেন।
এ সময় সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই চিকিৎসাসেবায় অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না।
ডেঙ্গুর সব টেস্ট এই হাসপাতালে আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিন্তু রোগীদের অভিযোগ, তাদের বাইরে থেকে টেস্ট করানো হচ্ছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একইসাথে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। অথচ রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই অনিয়ম মেনে নেওয়া যায় না।
জানা গেছে, হাসপাতালটির সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন সেবা প্রত্যাশীরা। বিষয়টি নজরে আসলে সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী।
সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফের আইনি নোটিশ