দেশে হাম ও এর উপসর্গজনিত রোগের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ল্যাব টেস্টে নিশ্চিতভাবে ৫৬ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব হালনাগাদ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ২ লাখ ৩১ হাজার ৫০৫ জন ব্যক্তির মধ্যে সন্দেহজনক হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৯১ জনের।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হাম ও এর উপসর্গ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে। এর মধ্যে শুধু হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৫২ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৫ জনের। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে ৩ শিশুর প্রাণহানি ঘটেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ জন রোগী। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৭ হাজার ৫ ৪৮ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের ক্ষেত্রে হামের প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ামাত্রই দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার এবং প্রয়োজনীয় টিকাদান সুনিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন।
