গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ও এর উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২২১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২১৫ শিশু।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ৫৯ হাজার ৮০৪টি শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ২০ হাজার ৬৪৬।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৫৩ হাজার ৪৪৮টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গেই ছয়টি শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ১০১ ও এর উপসর্গ নিয়ে ৯৬২টি শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ১০৬৩।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪২৯ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (২৭১ জন) ও সিলেট (১৬১ জন)।
ঢাকা-চট্টগ্রাম-সিলেট ছাড়াও গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- রাজশাহীতে ৩১, ময়মনসিংহে ৭৩, বরিশালে ১০৪, খুলনায় ৯০ ও রংপুরে ২৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে।
গত ৪ ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।