দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬১৫ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫১০ জনে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নতুন ভর্তি হওয়া এক হাজার ৬১৫ জন রোগীর মধ্যে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৪০০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২১৫ জন ভর্তি হয়েছেন।
এদিন নতুন ভর্তি রোগীদের মধ্যে সর্বোচ্চ ৬৫৫ জন ঢাকা বিভাগের। এর মধ্যে শুধু ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৩৬ জন (সরকারি হাসপাতালে ২৩৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৯৯ জন)। ঢাকা মহানগরের বাইরে ঢাকা বিভাগের অন্য জেলায় ভর্তি হয়েছেন ৩১৯ জন।
অন্য বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, সিলেট বিভাগে ২১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের এক জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৬৮ হাজার ৯৩৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৬২ হাজার ৮০৬ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট পাঁচ হাজার ৬১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত মোট ৫১০ জনের মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ২৫৯ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এছাড়া খুলনা বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে আটজন এবং সিলেট বিভাগে চারজন মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।