কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় গত দুই দিনে ২৭ জন বিদ্রোহী নিহত হয়েছে। ওই এলাকায় সেনাবাহিনীর অভিযান চলাকালে চারজন সেনাও প্রাণ হারিয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অব কঙ্গোর (কোডেকো) মিলিশিয়াদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ অব্যহত রয়েছে।
কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অব কঙ্গোর (কোডেকো) বিদ্রোহীরা পার্শ্ববর্তী চারটি এলাকার ২০টিরও বেশি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং এক সেনা অবস্থানে হামলা চালানোর পর ইতুরি প্রদেশের দিজুগু অঞ্চলের দু'টি গ্রামে মঙ্গল ও বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
আরও পড়ুন: সুদানে অব্যহত বিক্ষোভে মৃত্যু বেড়ে ১১
এক বিবৃতিতে কঙ্গোর সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জুলেস এনগঙ্গো বলেন, সামরিক বাহিনীর সদস্যরা সেখান থেকে কোডেকো বিদ্রোহীদের ২৭টি লাশ উদ্ধার করেছে এবং একে-৪৭ ধাচের তিনটি অস্ত্র পাওয়া গেছে। এ অভিযানে আমরা চার সৈন্যকে হারিয়েছি।
ওই অঞ্চলে এখনও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জুলেস।
ওই এলাকার সেনা মুখপাত্র ক্যাপ্টেন অ্যান্টোনি মুয়ালুশায়ি জানান, পার্শ্ববর্তী উত্তর কিভু প্রদেশে বৃহস্পতিবার সেনা অভিযানে অ্যালিয়েড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) তিন বিদ্রোহী নিহত হয়েছে।
একাত্তর/আরবিএস