করোনায় আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। পূর্ণ ডোজ টিকা নেয়া সাকির শরীরে মৃদু উপসর্গ রয়েছে। রোববার (১ নভেম্বর) এক বিবৃতিতে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
জেন সাকি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মঙ্গলবার তার সর্বশেষ সাক্ষাৎ হয়। এ সময় দু’জনের মধ্যে ছয় ফুট দূরত্ব রক্ষা এবং মাস্ক পরা ছিলেন তারা।
শনিবার (৩০ অক্টোবর) প্রেসিডেন্ট জো বাইডেন করোনা পরীক্ষা করেছেন। তবে, তার ফলাফল নেগেটিভ এসেছে। তারপরও বাইডেন নিয়মিত পরীক্ষার মধ্যে রয়েছেন।
সাকি জানান, দায়িত্ব ও কর্মকাণ্ড সম্পর্কে স্বচ্ছ থাকতে নিজের করোনা পজিটিভ হওয়ার তথ্য প্রকাশ করেছেন। বাইডেন প্রশাসনে করোনায় আক্রান্ত তিনিই প্রথম কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা।
সাকি জানান, জি-২০ এবং কপ-২৬ সম্মেলনে অংশ নিতে প্রেসিডেন্টের সঙ্গে তার ইউরোপ সফরে যাওয়ার কথা ছিলো।
কিন্তু বাসায় কাজের লোকের করোনা পজেটিভ হওয়ায় তিনি সে পরিকল্পনা স্থগিত করেন। তারপর থেকেই নিয়মিত নমুনা পরীক্ষা করে আসছিলেন সাকি।
বিবৃতিতে জেন সাকি আরো জানিয়েছেন, গেলো বুধবার থেকে প্রেসিডেন্ট বা হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কোনও কর্মকর্তার সঙ্গে তার দেখা হয়নি।
আরও পড়ুন: ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে কাজ শুরু
বর্তমানে তিনি বাসা থেকে কাজ করছেন। দশ দিন পর্যন্ত কোয়ারেন্টিনে থাকার পর আবার পরীক্ষা। ফল নেগেটিভ আসলে হোয়াইট হাউসে কাজে যোগ দেবেন তিনি।
তার আগ পর্যন্ত হোম অফিস চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন হোয়াইট হাউসের এই কর্মকর্তা।
একাত্তর/আরএ