বিশ্বে করোনার সংক্রমণ ২৫ কোটি ছাড়াল

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে ছয় হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে চার লাখ ১৫ হাজার ৬০৮ জন। আর সুস্থ হয়েছেন তিন লাখ ৩৮ হাজার ৭৬৪ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের রোববারের (৭ নভেম্বর) তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় হাজার ৩০৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় কম। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৫৯ হাজার ৭৮৭ জনে।

এক দিনে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ১৪ হাজার ৮৪৫ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৮৫ হাজারের বেশি। এতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি দুই লাখ ৫৩ হাজার ৫২৪ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৬৯৮ জন।

আর মারা গেছে ৪২২ জন। দেশটিতে এখন পর্যন্ত চার কোটি ৭৩ লাখ ১২ হাজার ৬৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং সাত লাখ ৭৫ হাজার ৯৫ জন মারা গেছেন।

যুক্তরাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৬৯৩ জন এবং মারা গেছেন ১৫৫ জন।

আরও পড়ুন: বিকেলে ফিরোজায় ফিরবেন খালেদা জিয়া

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩০৫ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৮৬৬ জন।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ১৮ লাখ ৭৪ হাজার ৩২৪ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ নয় হাজার ৪১৭ জনের।


একাত্তর/আরএ