রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বিকেলে তার গুলশানের বাড়ি ফিরোজায় ফিরবেন।
রোববার (৭ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। বিএনপি চেয়ারপারসনের শরীরের একটি অংশের চামড়া ফোসকার মতো (লাম্প বা চাকা) হয়েছিল। এর কারণ জানতে গত ২৫ অক্টোবর তার বায়োপসি করা হয়।
অপারেশনের দুদিন পরই পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা শুরু করে।
আরও পড়ুন: বাস ভাড়া বাড়াতে বিআরটিএ'র বৈঠকে পরিবহন মালিকরা
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি সুস্থ বোধ করায় তাকে বাসায় নেওয়া হচ্ছে।
এর আগে এ বছরের ২৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর ছয়দিন পর তিনি শ্বাসকষ্ট অনুভব করলে সিসিইউতে স্থানান্তর করা হয় তাকে। পরে অবস্থার উন্নতি হলে গত ১৯ জুন তাকে বাসায় নিয়ে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
একাত্তর/আরবিএস
