বিদেশ ভ্রমণ না করেও ওমিক্রনে আক্রান্ত ভারতীয় চিকিৎসক

ভারতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়া প্রথম দু’জনের মধ্যে একজনের দক্ষিণ আফ্রিকা কিংবা অন্য দেশে যাওয়ার সাম্প্রতিক কোনো নজির পাওয়া যায়নি। দ্বিতীয় যে ব্যক্তির দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে, তিনি দক্ষিণ আফ্রিকান নাগরিক এবং ইতোমধ্যে ভারত ছেড়ে চলে গিয়েছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) দক্ষিণ-পশ্চিম ভারতের কর্ণাটক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওমিক্রন শনাক্ত হওয়া ৪৬ বছর বয়সী ওই চিকিৎসকের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে পাঁচজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারও শারীরিক অবস্থা জটিল নয়। সকলেই করোনাভাইরাসের টিকার দুই ডোজ নিয়েছেন।

বেঙ্গালুরুর স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ২২ নভেম্বর ওই চিকিৎসকের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। প্রাথমিকভাবে তাকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। পরে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন।

এদিকে, ওমিক্রন আক্রান্ত সন্দেহে ১২ জনকে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে (এলএনজিপি) ভর্তি করা হয়েছে। তারা প্রত্যেকে বিদেশ থেকে ভারতে ফিরেছেন।

জানা গেছে, ১২ জনের মধ্যে ১০ জনের কোভিড পরীক্ষার রির্পোট পজিটিভ এসেছে, বাকি দু’জনের শরীরে করোনার লক্ষণ দেখা গেলেও তাদের এখনো পরীক্ষা করা হয়নি।

আরও পড়ুন: ওমিক্রন সন্দেহে দিল্লির হাসপাতালে ভর্তি ১২

উল্লেখ্য, ভারতে আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান ফ্লাইট চালু হওয়ার কথা ছিল আগামী ১৫ ডিসেম্বর থেকে। কিন্তু নতুন কোভিড ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে সেই ফ্লাইট ১৫ ডিসেম্বর থেকে চালু হচ্ছে না বলে জানানো হয়েছে।


একাত্তর/এসএ