দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ ৩০ লাখ ছাড়িয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সরকারি হিসেবে বলা হয়েছে, শনিবার ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ হাজার ৩৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ২০ হাজার ৫৬৯ জনে।
সরকার পরিচালিত ন্যাশনাল ইন্সটিটিউট ফর কমিউনিকেবল ডিজিজ এনএইসিডি দৈনিক সর্বশেষ তথ্যে জানিয়েছে, আক্রান্তের এ সংখ্যায় সংক্রমণের হার ২৪ দশমিক ৩ শতাংশ।
দেশটিতে সব জায়গায় করোনা শনাক্তের হার বেড়েছে। তবে গত সপ্তাহে ওমিক্রন শনাক্ত হওয়ার পর জোহানসবার্গ হয়ে উঠছে করোনা সংক্রমণের মূল কেন্দ্র।
ব্রিটেনে আরো ৭৫ জনের দেহে ওমিক্রন
ইংল্যান্ডে ওমিক্রনে আক্রান্ত আরো ৭৫ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জন। আগের দিন সেখানে এ সংখ্যা ছিল ২৯। ব্রিটেনে ওমিক্রনে আক্রান্ত মোট ১৩৪ জন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইংল্যান্ডে ওমিক্রনে আক্রান্তদের অর্ধেকের বেশি পূর্ণডোজ টিকা নেওয়া। আক্রান্তদের সবার বিদেশে যাওয়ার ইতিহাস না থাকায়, দেশটিতে স্থানীয়ভাবে সংক্রমণ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, শুক্রবার ব্রিটেনে ৫০ হাজার ৫৮৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্ত দাঁড়িয়েছে এক কোটি ৩৭ লাখ নয় হাজার ৬৪৭ জন।
এদিন মারা গেছে ১৪৩ জন। মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪২৪ জনে। বড়দিনে সামাজিক কর্মসূচি বেড়ে গেলে সংক্রমণ আরো ভয়ংকর হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ওমিক্রনের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্য ভ্রমণের আগে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ।
১২ বছরের বেশি বয়সীদের জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে বিমানে ওঠার সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগের মধ্যে কোভিড পরীক্ষা করাতে হবে।
বর্তমান ভ্রমণ বিধি অনুযায়ী, যুক্তরাজ্যে পৌঁছানোর পর কোভিড পরীক্ষা বাধ্যতামূলক এবং নেগেটিভ ফল না পাওয়া পর্যন্ত আইসোলেশনে থাকতে হয়।
এদিকে, ওমিক্রনের বিস্তার ঠেকাতে এবার লাল তালিকায় আফ্রিকার আরেক দেশ নাইজেরিয়াকে যুক্ত করেছে যুক্তরাজ্য।
লাল তালিকায় থাকা দেশগুলো থেকে যারা যুক্তরাজ্য যাবেন তাদের দশদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
করোনায় আরো সাড়ে হাজারের বেশি মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৬৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাশিয়াতেই মারা গেছেন এক হাজার ২১৫ জন।
বাকি সব দেশেই মৃতের সংখ্যা হাজারের নিচে রয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ৫৫ হাজার ৮৩ জনে।
আরও পড়ুন: শেষরক্ষা হলো না, কুক দ্বীপেও হানা দিলো করোনা
২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ২৫ হাজার ৫৮৩ জন। এ সময় সবচেয়ে বেশি ৫৬ হাজার ৭৪২ জনের সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৬ কোটি ৫৭ লাখ ৩০ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে।
একাত্তর/আরএ